সড়কে সহিংসতা বিয়েও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ ও সহিংসতার জের ধরে পাবনার বেড়া উপজেলায় গতকাল শুক্রবার হিন্দু সম্প্রদায়ের অন্তত ২০টি বিয়ে অনুষ্ঠিত হতে পারেনি। তবে ঝুঁকি নিয়ে ২৫-৩০টি বিয়ে হয়েছে। এক মাসের মধ্যে হিন্দু বিয়ের আর কোনো তারিখ নেই।
হিন্দু সম্প্রদায়ের বিয়ে পঞ্জিকায় নির্দেশিত তারিখ ও সময় অনুসারে অনুষ্ঠিত হয়। চলতি মাসে বিয়ের তারিখ ছিল ৬, ৭ ও ১৩ ডিসেম্বর। পরবর্তী তারিখ ২০১৪ সালের ১৬ জানুয়ারি। অনেকেই ভেবেছিলেন, শুক্রবার ছুটির দিন, হরতাল-অবরোধ থাকবে না। এ কারণে অনেক আগেই উপজেলায় অর্ধশতাধিক বিয়ের দিন ঠিক করে রাখা ছিল। কিন্তু গতকালও পাবনাসহ উত্তরাঞ্চলের অনেক স্থানে মহাসড়কে অবরোধের মতো পরিস্থিতি ও সহিংসতা অব্যাহত থাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণে সব আয়োজন সম্পন্ন হওয়ার পরও বিয়েগুলো বাতিল হয়ে যায়। তবে যেখানে বর-কনের বাড়ির দূরত্ব কম, সেখানে ঝুঁকি নিয়ে বরপক্ষের লোকজন কনের বাড়িতে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলশিক্ষক জানান, গতকাল তাঁর বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করতে হয়। দেড় মাস আগে বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল।সব আয়োজন সম্পন্ন করার পর শেষ মুহূর্তে এসে বিয়ে বাতিল করতে হয়। তিনি জানান, কনের বাড়ি নীলফামারীতে। শেষ মুহূর্তে পাঁচ-ছয়জন আত্মীয় নিয়ে কনের বাড়ি যাওয়ার চেষ্টা করেও তিনি পারেননি।
বেড়া কেন্দ্রীয় হরিবাড়ি মন্দিরের পুরোহিত মানিক ভট্টাচার্য্য বলেন, ‘পরিবহন সমস্যার কারণে আজ (শুক্রবার) বেড়ার অন্তত ২০টি বিয়ে বাতিল করার খবর পেয়েছি।’