সড়কে সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ করে দিয়েছে প্রশাসন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামে সরকারি রাস্তার ওপর সীমানাপ্রাচীর নির্মাণ করায় ৩০টি পরিবার ভোগান্তিতে পড়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তিরা। পরে প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের ৩০টি হিন্দু পরিবারের ২০০ জন বাসিন্দা গ্রামের ভেতরে লোকনাথ ব্রহ্মচারী নামের একটি মন্দিরে পূজা-অর্চনা করেন। বংশপরম্পরায় তাঁরা গ্রামের একটি সরকারি সড়ক ব্যবহার করে মন্দিরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছেন। সম্প্রতি ছবির হোসেন নামের ঢাকার এক ব্যবসায়ী স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আঁতাত করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। ছবির হোসেনের কেনা জমির সঙ্গে একত্র করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে ৩০টি হিন্দু পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেন না।
লোকনাথ ব্রহ্মচারী মন্দির কমিটির সদস্য রজন চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের বাড়িঘর ওই ব্যবসায়ীর কাছে কম মূল্যে বিক্রি করতে রাজি হইনি। এ কারণে তাঁর সহযোগীরা আমাদের চলাচলের পথে প্রাচীর নির্মাণ করছেন। প্রতিকার পেতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে ছবির হোসেন বলেন, ‘জমি কিনে সীমানাপ্রাচীর নির্মাণ করেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের চলাচলের সড়ক বন্ধ করার প্রশ্নই ওঠে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকজনের লিখিত অভিযোগ পেয়ে ভূমি কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে সীমানাপ্রাচীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। ভুক্তভোগী লোকজনের চলাচলের সড়ক খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।’