সড়কে স্বস্তি, দুই ঘাটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় গতকাল সকালে ছিল যানবাহনের দীর্ঘ সারি। যানজট না থাকলেও অতিরিক্ত চাপে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়। ছবিটি খাড়াজোড় বাইপাস এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় গতকাল সকালে ছিল যানবাহনের দীর্ঘ সারি। যানজট না থাকলেও অতিরিক্ত চাপে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়। ছবিটি খাড়াজোড় বাইপাস এলাকা থেকে তোলা l প্রথম আলো

* ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তেমন জট ছিল না

*তীব্র স্রোতে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুই ঘাটে যানবাহনগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে

ঈদের আর এক দিন বাকি। এমন সময়েও গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাত্রীরা অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন। তবে দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিল যানবাহন।

যাত্রী ও যানবাহনের চাপে গতকাল সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির দীর্ঘ সারি পড়ে। দুপুরে সেটা ঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের তিন কিলোমিটার পর্যন্ত লম্বা হয়। সৌখিন পরিবহনের যাত্রী আলী আব্বাস বলেন, ‘আরসিএল মোড় থেকে এক ঘণ্টায় বাসটি মাত্র এক কিলোমিটারে এগিয়েছে। ফেরিতে উঠতেই বিকেল গড়াবে বলে মনে হচ্ছে।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। তবে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

ওপারে দৌলতদিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে ফেরির অপেক্ষায় গাড়ির সারি। তবে এসব বাসে তেমন যাত্রী ছিল না।

নাব্য–সংকটে বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে শিমুলিয়া ঘাট এলাকায় পাঁচ শতাধিক ছোট-বড় গাড়ির সারি পড়ে যায়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ বলেন, ‘আমরা যাত্রীদের দুর্ভোগ কমাতে গত বুধবার থেকে ১৯টি ফেরি কাজে লাগাচ্ছি। কিন্তু আজ (গতকাল) নদীতে পানি খুব কম। মাত্র ছয় ফুট পানি আছে। দ্রুত নদী খনন করা না হলে যেকোনো সময় ফেরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।’

বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এবং মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় যানজটের কারণে ঈদযাত্রা বেশ ভোগান্তির ছিল। তবে গতকাল এ সড়কে যানবাহনের চাপ কম ছিল।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ এক এম শহীদুল হক গতকাল বেলা একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যানবাহনের চাপ কম থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার মোড় এলাকা পরিদর্শনকালে বলেন, ‘মানুষ স্বস্তিদায়ক পরিবেশে বাড়ি ফিরছে। আর এক দিন ঈদযাত্রা হবে। আশাকরি মানুষ স্বস্তিতে বাড়ি ফিরবে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গতকালও অনেকটা যানজটমুক্ত ছিল। গাজীপুরের চন্দ্রা হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলেছে। অবশ্য বিকেলে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় চন্দ্রা মোড়ের পাশাপাশি কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর বাইপাস এলাকায় থেমে থেমে যানজট বাঁধে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও ভোগড়া বাইপাসসহ বিভিন্ন পয়েন্টে গতকাল গাড়ি ধীরগতিতে চলে। তবে কোথাও স্থায়ী যানজটের তথ্য পাওয়া যায়নি।

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল সকাল থেকে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাটুরিয়ার নয়াডিঙ্গি থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত একই অবস্থা হয়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, গোয়ালন্দ (রাজবাড়ী), মির্জাপুর (টাঙ্গাইল), দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি ও মুন্সিগঞ্জ সংবাদদাতা]