সড়কে সড়কে ‘নির্বাচনী বাতি’!
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা গঠিত হয়েছে ২০০২ সালে। গত আট বছরেও পৌর এলাকায় সড়কবাতি লাগানোর সময় হয়নি পৌর কর্তৃপক্ষের। নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে পৌর এলাকায় বাতি লাগানোর কাজ শুরু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এটা আসলে ‘নির্বাচনী বাতি’। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর কর্তৃপক্ষও হঠাৎ যেন পৌরবাসীকে আলোকিত করতে উঠেপড়ে লেগেছে। অথচ সোনারগাঁ পৌরবাসী গত নয় বছর আঁধারেই কাটিয়েছে। গত শুক্রবার সরেজমিনে কথা হয় গোদাগাড়ীর কাকনহাটের শুনশুনিপাড়ার ফবিয়ান হাসদারের (৫০) সঙ্গে। তিনি জানান, এখানকার অধিকাংশ মানুষই কৃষিজীবী। তাঁর নিজের বসতবাড়ি ছাড়া আর কোনো জমি নেই। পৌরসভা হওয়ার আগে তাঁর তিন টাকা খাজনা লাগত। এখন তিনি পৌনে ২০০ টাকা খাজনা দেন। তিনি বলেন, পৌরসভা হওয়ায় তাঁর মতো মানুষের শুধুই ক্ষতি হয়েছে। একই এলাকার মাসুদ রানা নামের এক তরুণ বললেন, ‘পৌরসভা করার সময় শুনেছিলাম, রাস্তার মোড়ে মোড়ে সব খাম্বায় বাতি দেওয়া হবে। আট বছরেও সেই বাতি লাগেনি।’ তবে পৌরসভা হওয়ার পরপরই নিমতলা মোড়, বাসস্ট্যান্ড, মাছপট্টি ও বাঙালপট্টিতে চারটি সড়কবাতি দেওয়া হয় বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে।পৌর কার্যালয় সূত্রে জানা জেছে, বর্তমান মেয়র আবদুল মজিদ ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। আসন্ন পৌর নির্বাচনে বর্তমান মেয়র আবদুল মজিদসহ আবদুল রাকিব, আবদুল্লাহিল কাফি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। তাঁরা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতা। একই পদে নির্বাচন করতে বিএনপির আগ্রহী নেতারা হলেন ইসমাইল আলী খান, মঞ্জুর রহমান, হাফিজুর রহমান ও জিয়াউর রহমান।ফেরার পথে দেখা যায়, কাকনহাট বাজারে খুঁটিতে সড়কবাতি লাগানোর কাজ চলছে। রাজশাহীর ‘ইলেক্ট্রো হাউস’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। মাঠে কাজ দেখাশোনা করছেন প্রতিষ্ঠানের অংশীদার দেলোয়ার হোসেন। তিনি বলেন, পাঁচ লাখ টাকার এ কাজ তাঁরা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পেয়েছেন। তাঁরা দেড় শ বাতি লাগাবেন। এ প্রসঙ্গে বর্তমান মেয়র আবদুল মজিদ জানান, শুরুতে তাঁরা মসজিদ ও গোরস্থানের উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, ‘সড়কবাতি লাগানোর টেন্ডার (দরপত্র) আগেই হয়েছিল। বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে দেরি হয়ে গেছে।’ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৫ এপ্রিল পৌরসভা গঠিত হওয়ার পর প্রথম পৌর মেয়র নির্বাচিত হন সাইদুর রহমান মোল্লা। সড়কে সড়কে বৈদ্যুতিক বাতি দেওয়া তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল। অথচ নয় বছরেও পৌরবাসী সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেননি। তাজপুর গ্রামের বাসিন্দা রবিউল হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আমরা বাতি পেতে যাচ্ছি, এতেই আমরা খুশি।’ গোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেন বলেন, ‘ভোটে প্রভাব ফেলার জন্যই এত দিন পর এ কাজ করা হচ্ছে।’ এ প্রসঙ্গে মেয়র সাইদুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য কয়েক বছর আগে থেকেই আমরা প্রাথমিক কাজ শুরু করি। বিভিন্ন কারণে কাজটি শেষ করা হয়ে ওঠেনি।’ আসন্ন নির্বাচনে বর্তমান মেয়র সাইদুর রহমান মোল্লা স্বতন্ত্র থেকে, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুর রহমান নাগরিক কমিটির ব্যানারে এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান মেয়র পদে নির্বাচন করতে গতকাল শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।