সন্ধ্যার পর এলাকাটি ভুতুড়ে নগরে পরিণত হলেও পৌর কর্তৃপক্ষ সড়কে ও বাজার এলাকায় বাতি লাগানোর কোনো উদ্যোগ নেয়নি। এভাবে প্রায় সাড়ে নয় বছর ধরে অন্ধকারে ছিলাম, কেউ তো খোঁজ নিলেন না। এখন পৌরসভার তফসিল ঘোষণা করার পর ৮ ডিসেম্বর থেকে পৌর এলাকার সড়কে ও বাজার এলাকায় হঠাৎ করে বাতি লাগানোর কাজ শুরু করেছে। এটা কি ভোটের ‘নির্বাচনী বাতি’! কথাগুলো বলেন, মহেশখালী পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়ার বাসিন্দা প্রণব কান্তি দে (৩০)।কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নকে বিলুপ্ত করে গত ২০০১ সালের ১২ জুলাই মহেশখালী পৌরসভা গঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে সড়কে কোনো বাতি লাগানো হয়নি। এবার প্রায় ২০ লাখ টাকার সড়কবাতি লাগানোর এ প্রকল্পটি দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান মৃদা এন্টারপ্রাইজ। নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে বর্তমান নির্বাচিত মেয়র সরওয়ার আজম, ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে, পৌর আওয়ামী লীগের সভাপতি মকছুদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, সিরাজুল হক সিকদার, আবু সুফিয়ান, সাদেক উল্লাহ সিদ্দীকি ও আনসারুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই পদে নির্বাচন করতে বিএনপির আগ্রহী নেতারা হলেন পৌর বিএনপির সদস্য গোলাম মোস্তফা ও পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল্লাহ। পৌর এলাকার সিকদারপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৪), কফিল উদ্দিন (২৩) ও মনির আহমদ (৩২) জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এলাকায় তেমন উন্নয়ন হয়নি, নির্বাচনী তফসিল ঘোষণা করার পর হঠাৎ সড়কে বাতি লাগানোর জন্য উঠেপড়ে লাগে পৌর কর্তৃপক্ষ। পৌর এলাকার গোরকঘাটার বাসিন্দা আমির হোসেন (৪৫) বলেন, সড়কে বাতি লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু সাড়ে নয় বছর ধরে পৌর কর্তৃপক্ষ কোথায় ছিল?ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল কাসেম বলেন, ৮ ডিসেম্বর থেকে পৌর এলাকায় সড়ক ও বাজার এলাকায় সড়কবাতি লাগানোর কাজ শুরু করা হয়েছে। প্রায় সাত কিলোমিটার নতুন বিদ্যুতের লাইন তৈরি করে এসব সড়কবাতি লাগানো হচ্ছে। মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, পৌর এলাকাকে আলোকিত করার লক্ষ্যে সড়কবাতি লাগানোর জন্য গত ২০০৭ সালের জানুয়ারি মাসে প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পৌরসভার মামলার জটিলতা নিয়ে তখন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মামলা জটিলতা কেটে যাওয়ার পর গত নভেম্বর মাস থেকে সড়কবাতি লাগানোর কাজ শুরু করা হয়েছে। তবে সড়কে নির্বাচনী বাতি লাগানোর অভিযোগটি মিথ্যা বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে মহেশখালী পৌর মেয়র সরওয়ার আজম প্রথম আলোকে বলেন, এই পৌরসভা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু বিগত জোট সরকারের আমলে মিথ্যা ও হয়রানিমূলকভাবে আমাকে কয়েকটি মামলায় আসামি করায় পৌরসভার সড়কবাতি লাগানোর প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।