সড়কে হেলে পড়েছে গাছের ডাল, ঝুঁকি নিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় আটটি মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ওপর সহস্রাধিক গাছের ডালপালা হেলে পড়ায় বাস-ট্রাক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই গাছের সঙ্গে ধাক্কা লেগে ছাদে চড়ে যাতায়াতকারী যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক এবং গাইবান্ধা-পলাশবাড়ী, গাইবান্ধা-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ, গাইবান্ধা-ধর্মপুর-সুন্দরগঞ্জ, গাইবান্ধা-সাঘাটা, গাইবান্ধা-নাকাইহাট, গাইবান্ধা-সাদুল্যাপুর ও গাইবান্ধা-বালাসি সড়কের বিভিন্ন এলাকায় সড়কের দুই ধারের সহস্রাধিক পুরোনো গাছের ডালপালা হেলে পড়েছে। গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের ওষুধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, সম্প্রতি গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বালুয়া এলাকায় হেলে পড়া বটগাছের ডালে ধাক্কা লেগে একটি ট্রাক তাঁর দোকানে ঢুকে পড়ে। এতে দুজন আহত হন। এর আগে ডালটি কাটার জন্য জেলা পরিষদকে অনুরোধও করা হয়েছিল।ছাদে ভ্রমণকারী গাইবান্ধা সদর উপজেলার কূপতলা গ্রামের দিনমজুর আলমগীর হোসেন বলেন, ‘ছাদোত চরি গেলে বিপত হবার পারে। কিনতু কী করমো? হামরা গরিব মানুষ। গাইবান্ধাত থাকি বগড়াত গেলে ৮০ ট্যাকা ভরা নাগে। তাই ২০ ট্যাকা দিয়া ছাদোত যাই।’ সাদুল্যাপুরের ধাপেরহাট এলাকার বাসচালক একরাম হোসেন বলেন, মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের আট জেলার শত শত যান চলাচল করে। কিছুক্ষণ পরপরই বিপরীত দিক থেকে আসা যানবাহন পরস্পরকে অতিক্রম করে। তখন বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে সড়কের ধার ঘেঁষে যাওয়ার সময় হেলে পড়া গাছ ও ডালপালায় ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম বলেন, মহাসড়কের কিছু এলাকায় হেলে পড়া ডালপালা কেটে দেওয়া হয়েছে। কিন্তু জেলা শহর সংযুক্ত আঞ্চলিক সড়কগুলো জেলা পরিষদের হওয়ায় সেগুলোর পাশের গাছের ডালপালা কাটা সম্ভব হচ্ছে না। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্তী বলেন, জেলা পরিষদ, সওজ বিভাগ ও জেলা প্রশাসন থেকে একজন করে প্রতিনিধি নিয়ে মোট তিন সদস্যের একটি দল করা হয়েছে। তাঁদের হেলে পড়া এসব গাছের ডাল কেটে নিলাম করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।