সড়কে হেলে পড়েছে ২১টি বৈদ্যুতিক খুঁটি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই-মধ্যনগর সড়কের দূরত্ব প্রায় আট কিলোমিটার। সড়কের ওপর ও সড়ক লাগোয়া পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি রয়েছে ৬৫টি। এসব খুঁটির অন্তত ২১টি হেলে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ধরমপাশা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। মধ্যনগর, চামরদানী, বংশীকুণ্ডা উত্তর, বংশীকুণ্ডা দক্ষিণ ও পাইকুরাটি ইউনিয়নের লোকজনের উপজেলা সদরে যাওয়া-আসার একমাত্র সড়ক এটি। তিন বছর আগে স্থাপন করা এ সড়কের ৬৫টি খুঁটির মধ্যে ২১টিই হেলে পড়েছে। সড়কটিতে রয়েছে ছয়টি বাঁক। প্রতিটি বাঁকের ওপর দিয়ে বৈদ্যুতিক তার ঝুলে থাকায় মানুষজন চলাচল করেন ঝুঁকি নিয়ে। বর্তমানে সড়ক উন্নয়নের কাজ চলছে। কিছু জায়গায় মাটি ফেলে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ খুঁটিগুলোর দুই পাশে সমানভাবে মাটি না থাকায় এগুলো হেলে পড়েছে। মধ্যনগর বাজারের ধানের আড়তদার ও বিদ্যুৎ গ্রাহক মো. জহিরুল হক বলেন, মাসে দু-তিনবার এ সড়কের কোনো না কোনো খুঁটি হেলে মাটিতে পড়ে যায়। এ অজুহাতে দুই থেকে তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিঘ্ন ঘটে ব্যবসায়িকসহ দরকারি কাজকর্ম। দীর্ঘদিন ধরে এ জন্য দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘এ সমস্যা সমাধানে খুব শিগগির পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বর্ষায় খুঁটি সংস্কারের কাজ করা সম্ভব হয়নি। যত শিগগির সম্ভব, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’