সড়কেই ধান-ভুট্টা মাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলাজুড়ে চলছে সড়কের ওপর ধানমাড়াই ও শুকানোর কাজ। ধানমাড়াইয়ের এই দৃশ্যটি শনিবার বিকেলে ডোমার উপজেলার আমবাড়ি-মির্জাগঞ্জ পাকা সড়কের মাঝাপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
নীলফামারী জেলাজুড়ে চলছে সড়কের ওপর ধানমাড়াই ও শুকানোর কাজ। ধানমাড়াইয়ের এই দৃশ্যটি শনিবার বিকেলে ডোমার উপজেলার আমবাড়ি-মির্জাগঞ্জ পাকা সড়কের মাঝাপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

নীলফামারীতে এখন চলছে বোরো ধান ও ভুট্টা কাটা আর মাড়াইয়ের মৌসুম। এ মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন পাকা সড়কের ওপর শুরু হয়ে যায় ধান, ভুট্টা মাড়াই আর খড় শুকানোর প্রতিযোগিতা। এতে করে ওই সব সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলার প্রায় সব রাস্তাতেই এ দৃশ্য দেখা যায়।
গত শনিবার নীলফামারী থেকে ডোমার হয়ে উপজেলার বোড়াগাড়ি, গোমনাতি, আমবাড়ি, আজিজার মিয়ার হাট ইত্যাদি সড়কে ধান-ভুট্টা মাড়াই ও ধান-ভুট্টা-খড় শুকানোর দৃশ্য দেখা যায়। বোড়াগাড়ি-গোমনাতি সড়কের বামুনিয়া ইউনিয়নের সাইনবোর্ড ঘনপাড়া গ্রামে ধান শুকানোর কাজ করতে থাকা রফিকুল ইসলাম (৫০) বলেন, এখন খোলা জায়গা না থাকায় ধান, খড় এগুলো শুকানো কঠিন হয়ে পড়েছে। অথচ সময়মতো শুকাতে না পারলে ধান নষ্ট হয়। তাই পাকা রাস্তার ওপরই ধান শুকাতে হচ্ছে। তা ছাড়া সড়কে এসব শুকাতে সময়ও কম লাগে। তবে এতে পথচারীদের চলাচলে সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, একটু দেখেশুনে গেলেই আর সমস্যা হবে না।
ওই গ্রামের আছিয়া বেগম (৫০) বলেন, ‘সবায় তো ধান শুকায়ছে। হামরা তো রাস্তা বন্ধ করি নাই।’ এতে দুর্ঘটনার আশঙ্কার কথা জানালে বলেন, ‘এনা দেখি গেইলে হয়।’
আমবাড়ি-মির্জাগঞ্জ সড়কের মাঝাপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর মেশিন বসিয়ে চলছিল ধান মাড়াই। এ সময় কথা হয় ধান মাড়াই কাজে ব্যস্ত জামিয়ার রহমানের (৩৫) সঙ্গে। তিনি বলেন, আগে তো গৃহস্থের ধান মাড়াইয়ের জন্য অনেক খোলা জায়গা ছিল। এখন নেই। তাই গ্রামের প্রায় সবাই এভাবে রাস্তার ওপরে ধান মাড়াই ও শুকানোর কাজ করে।
বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায় বলেন, ‘রাস্তায় ধান, ভুট্টা মাড়াই ও খড় শুকানোয় সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ভ্যান, রিকশা, মোটরসাইকেল আর অটোরিকশাগুলো। জায়গার অভাবে মানুষ রাস্তায় ধান মাড়াই ও শুকানোর কাজ করছে। তাই তাদের বাধাও দিতে পারি না।’
ডোমার উপজেলা শহরের মোটরসাইকেল চালক আবু ফাত্তাহ (৩৫) বলেন, সড়কগুলোতে ধান মাড়াই ও শুকানোর সময় চলা কঠিন হয়ে যায়। তা ছাড়া এসব শুকানোয় রাস্তা পিচ্ছিল হয়ে থাকায় একটু অসতর্ক হলেই দুর্ঘটনার ঝুঁকি থাকে।
জেলা শহরের মাইক্রোবাসচালক জাভেদ আলী (৪৫) বলেন, যারা সড়কে ফসল মাড়াই ও শুকানোর কাজ করছে, তারা যানবাহন দেখেও না দেখার ভান করে। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বলেন, এ সময় সারা দেশের প্রায় সব সড়কে ধান মাড়াই ও ধান-খড়-ভুট্টা শুকানোর কাজ চলছে। এটা বিধিবহির্ভূত। একজন-দুজন করলে সেটা বন্ধ করা যায়, কিন্তু সবাই করছে। তারপরেও যারা এ কাজ করছে, তাদের সাবধান থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, এমনিতে এবার ধানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময়মতো মাড়াই ও শুকাতে না পারলে আরও ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। এ ছাড়া খোলা জায়গাও নেই এখানে, তাই মানবিক কারণে কেউ কিছু বলছে না।
এ বিষয়ে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নীলফামারী জেলা সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ‘রাস্তায় ধান, ভুট্টা মাড়াই ও শুকানোটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত বছর আমরা এটা না করার জন্য মাইকিং করেছি। প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। এ বছরও আমরা জনগণের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালাব।’