সড়কেই পড়ে থাকছে ময়লা-আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তরফ থেকে রাস্তার পাশে প্রায় সাড়ে ছয় হাজার ময়লা ফেলার পাত্র বসানো হয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণ এবং জনসচেতনতার অভাবে সেগুলো ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। অনেক পাত্র চুরি হয়ে গেছে। লোকজন এখনো সড়কেই ময়লা ফেলছে।
নগরবিদেরা বলছেন, শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে এলাকাভিত্তিক জনসাধারণকে সম্পৃক্ত করা প্রয়োজন। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আবর্জনাপাত্র ব্যবহারে জনসাধারণকে উৎসাহী করতে সিটি করপোরেশনের কার্যক্রম প্রয়োজন।
দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় ৪ কোটি টাকা খরচ করে দক্ষিণ সিটি ৫ হাজার ৭০০টি ও ৬৮ লাখ টাকা খরচ করে উত্তর সিটি এক হাজার ছোট আকারের ময়লা ফেলার পাত্র বসিয়েছে। যেসব স্থানে মানুষের ভিড় বেশি, সেসব স্থানে ১৫০ মিটার পরপর এসব পাত্র বসানো হয়েছে। আর যেসব স্থানে জনসমাগম তুলনামূলক কম, সেসব স্থানে এসব পাত্র বসানো হয়েছে আপাতত ৩০০ মিটার পরপর।
গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ময়লা ফেলার পাত্রগুলো পথচারীদের ময়লা-আবর্জনা ফেলার সুবিধার্থে বসানো হলেও লোকজন সেগুলোতে খুব একটা ময়লা ফেলছেন না। হাতের নাগালেই ময়লা ফেলার পাত্র থাকার পরও লোকজন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শায়ের রহমান বলেন, ‘আগে সড়কে ময়লা ফেলার যুক্তি দিতাম ডাস্টবিন নেই। এখন ডাস্টবিন থাকলেও আগের মতোই যেখানে সেখানে ফেলে দেই। হয়তো একটু হাঁটলেই ডাস্টবিন, কিন্তু সে ধৈর্যটুকু নেই। আসলে সমস্যা আমাদের মানসিকতায়।’
দুই মেয়রের নির্বাচনী ওয়াদা অনুযায়ী পরিচ্ছন্ন ঢাকা গড়তে এসব ময়লা ফেলার পাত্র বসানোর উদ্যোগটি ছিল প্রশংসনীয়। কিন্তু কোটি টাকা খরচ করে প্রকল্পটি গ্রহণ করা হলেও দুই সিটির রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরবিদ ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণকে নিয়ে করতে হবে। সিটি করপোরেশন তাদের কাজে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হচ্ছে। শুধু ডাস্টবিন বসালে হবে না। জনগণকে সচেতন করতে কার্যক্রম চালাতে হবে।
তবে সিটি করপোরেশনের পক্ষ থেকেও নিয়মিত এসব পাত্র নিয়মিত পরিষ্কার করা হয় না। বিভিন্ন এলাকায় ময়লাভর্তি পাত্র একইভাবে পড়ে থাকছে দিনের পর দিন। অনেক পাত্রের সামনেও ময়লা-আবর্জনা জমে থাকতে দেখা যায়।
দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সড়কের পাশে বসানো ময়লা ফেলার পাত্রগুলোতে শুধু শুকনো এবং ছোট আকারের ময়লা যেমন খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিন জাতীয় আবর্জনা ফেলতে বলা হয়েছে। এসব ময়লা ফেলার পাত্রে গৃহস্থালি এবং দোকানের বর্জ্য না ফেলা, পাত্রের নিচে বা পাশে ময়লা না ফেলা, পাত্র দোকানের জিনিস অথবা কোনো কিছু দিয়ে ঢেকে না রাখতে অনুরোধ জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত এসব ময়লার পাত্র পরিষ্কার করছে। তবে জনগণের সচেতন হতে হবে। হালকা ময়লা ফেলার বদলে এসব পাত্রে গৃহস্থালি আবর্জনাও ফেলছেন। এসব পাত্র ব্যবহারে জনগণকে সচেতন করতে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে।