সড়কেই বাসস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান পার্কের পাশে এবং আজিমপুরে মূল সড়কের ওপরই বাস রাখা হচ্ছে। এর ফলে সরু সড়ক আরও সরু হয়ে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে। বাসের লোকজন বলছেন, রাখার জায়গা নেই।
গুলিস্তান পার্ক ও বঙ্গভবনের মাঝামাঝি সড়কটি খুব বেশি চওড়া নয়। গতকাল শুক্রবার দেখা যায়, সড়কে ইলিশ পরিবহনের ছয়টি বাস লাইন ধরে দাঁড়িয়ে আছে। পাশের অংশ দিয়ে চলাচল করছে বাকি যানবাহন। এটি কোনো বাসস্ট্যান্ড নয়। তবুও সড়ক ও গুলিস্তান পার্কের পাশের জায়গায় নিয়মিতই ঢাকা-মাওয়া রুটের এই বাসগুলো পার্ক করা থাকে।
লিয়াকত আলী ইলিশ পরিবহনের একজন চালক। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই এলাকায় কোনো বাস টার্মিনাল নাই। দক্ষিণবঙ্গে শত শত বাস যায় গুলিস্তান থেকে। কিন্তু বাস রাখার ব্যবস্থা সরকার করে নাই। কই রাখব? পুলিশ এসে প্রায়ই রেকার দিয়ে টেনে নিয়ে যায়। জরিমানা দিয়ে ছাড়িয়ে এনে আবার একই জায়গায় রাখি।’
এ সড়কেই পাওয়া গেল কর্তব্যরত সার্জেন্ট মাহফুজ রহমানকে। তিনি বলেন, তাঁরা পথে বাস রাখতে দেন না। যানজট হলে সরিয়ে দেন। তবে এটাও ঠিক, বাসগুলো রাখার জায়গা নেই। এ ব্যাপারে ঢাকা ট্রাফিক দক্ষিণ বিভাগ লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, ভিআইপি পরিবহনের বাস রাখার অনুমতি আছে। সড়কে ওপরে বাস রাখা যায় কি না, জানতে চাইলে বললেন, যাঁরা অনুমতি দিয়েছেন, তাঁরাই বলতে পারবেন।