সড়কের অবস্থা বেহালের কারণে ইজারায় অনাগ্রহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বেহাল দশার কারণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রে প্রবেশের প্রধান ফটক ইজারা নিতে ব্যবসায়ীদের মধ্যে অনাগ্রহ দেখা দিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটনকেন্দ্রটি মাধবকুণ্ড ইকোপার্কের অভ্যন্তরে পড়েছে। দেখভালের দায়িত্বে থাকা বন বিভাগ কর্তৃপক্ষ প্রতিবছর পর্যটনকেন্দ্রের প্রবেশ ফটকটি ইজারা দেয়। ২০১১-১২ অর্থবছরে প্রায় ২৯ লাখ টাকায় পাশের জুড়ী উপজেলার মেসার্স জামাল এন্টারপ্রাইজ এটি ইজারা নেয়। গত ৯ জুন (২০১২) ইজারার মেয়াদ শেষ হয়।সূত্র জানায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের জন্য ফটকটি ইজারা দিতে বন বিভাগ তৃতীয়বার দরপত্র আহ্বানের পর প্রায় ১৮ লাখ টাকায় আবারও জামাল এন্টারপ্রাইজ এটি ইজারা নেয়। কিন্তু মৌলভীবাজার-বড়লেখা সড়কের কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ড পর্যটনকেন্দ্র পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ সড়কের দুরবস্থার কারণে ইজারাদার ফটকটির দায়িত্ব বুঝে নেয়নি। এ ব্যাপারে ইজারাদার বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি চিঠিও দেয়। এদিকে জামাল এন্টারপ্রাইজ নির্ধারিত সময়ে দায়িত্ব বুঝে না নেওয়ায় ফটকটি ইজারা দিতে বন বিভাগ সম্প্রতি চতুর্থবারের মতো দরপত্র আহ্বান করে। বর্তমানে বন বিভাগের লোকজন ফটকটির কার্যক্রম পরিচালনা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে জামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সড়কটির বিভিন্ন জায়গা খানাখন্দে ভরা। বর্ষায় খানাখন্দে পানি জমে সড়কটির অবস্থা আরও খারাপ হয়। পর্যটকেরা তখন চরম দুর্ভোগে পড়ে। এ কারণে পর্যটকদের সংখ্যা দিনে দিনে কমছে। এ ছাড়া ইজারায় অংশগ্রহণের আগে ভেবেছিলাম, সড়কটি এরই মধ্যে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। তাই ক্ষতির আশঙ্কায় গেটের (ফটক) দায়িত্ব বুঝে নিইনি।’ জামাল এন্টারপ্রাইজের দায়িত্ব বুঝে না নেওয়ার সত্যতা নিশ্চিত করে জুড়ী-২ (বড়লেখা) রেঞ্জের মাধবছড়া বিটের দায়িত্বে থাকা কর্মকর্তা আবুল হোসাইন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসলে ভাঙাচোরা সড়কের কারণে ব্যবসায়ীরা ইজারা নিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। সড়কটির সংস্কার হলে পর্যটকদের দুর্ভোগ লাঘব হতো। রাজস্বও আরও বেশি পাওয়া যেত।’ তিনি জানান, ৯ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফটকের টিকিট বিক্রি থেকে প্রায় সাত লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নূর নবী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি নতুন করে নির্মাণ করা হবে। বিশ্বব্যাংকের পরামর্শক নিয়োগে দেরি হওয়ায় কাজটির দরপত্রের প্রক্রিয়া শুরু হচ্ছে না। আগামী বছরের (২০১৩) মার্চ মাসের দিকে তা শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে। যান চলাচলের সুবিধার্থে সড়কটির ভাঙাচোরা অংশে আমরা খোয়া ফেলে দেব।’