সড়কের অবস্থা যাচ্ছেতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সড়ক সংস্কার না হলে পৌরকর দেওয়া বন্ধ করা উচিত।’ রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বললেন শহরের রিজার্ভ বাজারের বাসিন্দা মো. সিদ্দিকুর রহমান (৫৫)। মহল্লার গলিপথ আর হাসপাতাল সড়কে অটোরিকশার ঝাঁকুনিতে তাঁর স্ত্রীর অসুখ দ্বিগুণ বেড়ে গেছে বলে অভিযোগ সিদ্দিকুরের। শুধু সিদ্দিকুর নন, রাঙামাটির অধিকাংশ মানুষ পৌরসভার আওতাধীন সড়কের খানাখন্দ নিয়ে অসন্তুষ্ট। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে অনেক সড়ক দীর্ঘদিন ধরে স্ংস্কারহীন অবস্থায় থাকার কথা স্বীকার করেছে পৌরসভার প্রকৌশল বিভাগ। গত সোমবার শহর ঘুরে দেখা গেছে, রায় বাহাদুর সড়কের প্রায় সব স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে গেছে বালু। হাসপাতাল সড়কের বিসিক কার্যালয় ও প্রধান ডাকঘরের মাঝের কয়েকটি স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। হাসপাতাল সড়ক থেকে টিঅ্যান্ডটি এলাকার সংযোগ স্থানের পাশে কার্পেটিং উঠে যাওয়া স্থানে জমে আছে পানি। বনরূপামুখ থেকে ট্রাইবাল আদাম পর্যন্ত সড়কেও বড় বড় গর্ত। ওই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫টি কাঠের ট্রাক আসা-যাওয়া করে বলে স্থানীয় লোকজন জানান। শহরের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র রিজার্ভ বাজার গলি ও ১ নম্বর পাথরঘাটা পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে রয়েছে বেশ কিছু গর্ত। রাঙামাটি মহিলা কলেজ সড়কে কোথাও গর্ত, কোথাও আবর্জনা আর বালু জমে রয়েছে। পাথরঘাটা সড়কে রয়েছে কিছু গর্ত। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা সড়ক দখল করেছে, দিয়েছে ঘেরা বেড়া। বনরূপামুখ থেকে কাঁচাবাজার ও সমতাঘাট এবং দেওয়ানপাড়া সড়কে বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং। শহরের পৌরসভার আওতাধীন প্রায় সব সড়কের একই অবস্থা।পৌরবাসীর অভিযোগ, সড়কগুলোর কার্পেটিং ও সিসি ঢালাইয়ের পর আর সংস্কার করা হয়নি। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রায় বাহাদুর সড়কের বাসিন্দা সাবেক ফুটবলার অরুণ বিকাশ দেওয়ান জানান, তাঁদের এলাকার সড়কের এমন বেহাল দশা যে অটোরিকশাচালকেরা ঢুকতেই চায় না। অথবা সড়কের খানাখন্দের কথা বলে বেশি ভাড়া দাবি করে। ১ নম্বর ওয়ার্ডের পাথরঘাটার বাসিন্দা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, সড়ক বেদখল হয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছে। পৌর কর্তৃপক্ষের সেটা দেখার যেন কেউ নেই। রাঙামাটি পৌরসভার তথ্যমতে, পৌরসভার আওতাধীন মোট সড়কের পরিমাণ ১০৭ দশমিক ৬০ কিলোমিটার। মধ্য ২০০৬ থেকে মধ্য ২০১০ সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে অধিকাংশ সড়ক কার্পেটিং, সিসি ও আরসিসি করা হয়। ওই প্রকল্প শেষ হওয়ার পর এখন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সরকারের কাছ থেকে দেওয়া হয় মাত্র ৬০ লাখ টাকা। সে কারণে সব সড়ক সংস্কার করা সম্ভব হয় না।অবশ্য পৌরসভার সড়ক সংস্কারে সম্প্রতি বাংলাদেশ মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) কর্তৃপক্ষের সঙ্গে রাঙামাটি পৌরসভার পাঁচ কোটি টাকার একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বিএমডিএফ থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ১০টি সড়ক সংস্কার ও একটি প্রতিরক্ষা দেয়াল নির্মাণের ছাড়পত্র পাওয়া গেছে বলে নির্বাহী প্রকৌশলী জানান।