নগরের অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণিতে সিটি করপোরেশনের খোলা ভাগাড় যানজট বাড়িয়ে দিচ্ছে। সড়কের একাধিক জায়গায় থাকা আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, গুলশান এলাকায় একটি ময়লা রাখার অস্থায়ী ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের নির্মাণকাজ চলছে। সেটির কাজ শেষ হলে এসব ময়লা এখান থেকে সরিয়ে নেওয়া হবে।
গুলশান ১ নম্বর এলাকা থেকে বাড্ডা সংযোগ সড়ক ধরে মধ্যবাড্ডার দিকে এগোলেই খোলা ভাগাড়টি চোখে পড়ে। হল্যান্ড সেন্টার নামের একটি বিপণিবিতানের সামনেই মূল রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। যানবাহনের চাকার সঙ্গে লেগে সেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়ছে বহুদূর পর্যন্ত।
এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মমিনুল হক বললেন, রাস্তার অর্ধেকের বেশি জায়গায় ময়লা রাখা। তীব্র দুর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই প্রতিদিন এই রাস্তা পার হতে অন্তত আধা ঘণ্টা সময় লাগে। ময়লার কারণে যানজট আরও বেড়ে যায়।
এখান থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক ময়লা সরানো হয়। ময়লা সংগ্রহের জন্য আছে শতাধিক ভ্যান। স্থানীয় ব্যক্তিরা বলেন, কুমিল্লাপাড়া, আদর্শনগর, দক্ষিণ, মধ্য, পশ্চিম ও উত্তর বাড্ডা, রিং রোড, মেরুল, স্বাধীনতা সরণি, হোসেন মার্কেট, লিংক রোড, গুদারাঘাট, আলীর মোড়, পূর্ব নাওয়াপাড়া, বাড্ডা বাজার, পাঁচতলা, ময়নারবাগসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা আবর্জনা এখানে ফেলা হয়।
সড়কের আবর্জনার কারণে বিরক্ত এলাকাবাসী। তাঁদের আকুতি, যেভাবেই হোক, রাস্তার ওপর থেকে ময়লার ভাগাড়টি যেন সরিয়ে নেয় সিটি করপোরেশন। সড়কের ভাগাড় সরাতে গত বছর এলাকার কয়েকজন ব্যবসায়ী ডিএনসিসির মেয়রের কাছে একটি লিখিত আবেদনপত্রও দিয়েছিলেন।
সড়কের পাশের ক্ষুদ্র ব্যবসায়ী ইয়াকুব মিয়া বলেন, খোলা আবর্জনা থেকে একটু দূরেই মুদিদোকান। দিনের বিভিন্ন সময়ে সিটি করপোরেশনের যে ট্রাকগুলো এখান থেকে আবর্জনা সংগ্রহ করে, সেগুলোর কারণে যানজটের তীব্রতা আরও বেড়ে যায়। আর খোলা ময়লার কারণে উৎকট গন্ধে দোকানে বসা যায় না।
রামপুরা সেতুর পাশেই এমন আরও একটি খোলা ময়লার ভাগাড় আছে। ডিএনসিসি বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা রাখার জন্য বিভিন্ন এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করছে। অনেক এলাকার সড়কে থাকা ময়লার কনটেইনার সরিয়ে নেওয়া হলেও প্রগতি সরণির খোলা কনটেইনার সরানো হয়নি।
রাজধানীতে সেবাদানকারী বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে ডিএনসিসি। সভায় বিভিন্ন সংস্থার কাছ ডিএনসিসির আওতাভুক্ত কয়েকটি জায়গায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করার জন্য জমি চাওয়া হয়। হল্যান্ড সেন্টারের ময়লার সরানোর জন্যও জায়গা চেয়েছে ডিএনসিসি।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গুলশানের গুদারাঘাট এলাকায় একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের নির্মাণকাজ চলছে। এটির নির্মাণ শেষ হলে হল্যান্ড সেন্টারের সামনের কনটেইনারগুলো সরিয়ে নেওয়া হবে। আর রামপুরা সেতুর কাছের কনটেইনারগুলো বনশ্রী এলাকায় নির্মিত এসটিএসে নিয়ে যাওয়া হবে।