সড়কের একপাশ বন্ধ রেখে মন্ত্রী-মেয়রকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আরাকান সড়কের এক পাশে সভা মঞ্চ তৈরি করায় স্বাভাবিক যান চলাচলে সমস্যা হয়। গতকাল বিকেলে নগরের চান্দগাঁও এলাকার হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের আরাকান সড়কের এক পাশে সভা মঞ্চ তৈরি করায় স্বাভাবিক যান চলাচলে সমস্যা হয়। গতকাল বিকেলে নগরের চান্দগাঁও এলাকার হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়কের একপাশ বন্ধ করে (হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনে) গতকাল শুক্রবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়রকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন কম থাকায় তেমন দুর্ভোগ হয়নি।
চান্দগাঁও নাগরিক উন্নয়ন কমিটির ব্যানারে চান্দগাঁও এলাকার হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান ও চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানমঞ্চ স্থাপনের জন্য গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে সড়কের একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘আমি চান্দগাঁও এলাকায় এত মানুষ দেখে অভিভূত হয়েছি। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে হবে। না হলে গাড়িগুলো আটকে থাকবে।’ তিনি চান্দগাঁও, মোহরা ও বাকলিয়া এলাকায় আরও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করার আশ্বাস দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি করপোরেশনের যেসব সুযোগ-সুবিধা থাকার কথা, তা চান্দগাঁও ওয়ার্ডে নেই। ২০১৮ সালের মধ্যে এই ওয়ার্ডের সব সড়ক পিচঢালা করা হবে। এই সময়ের মধ্যে পুরো ওয়ার্ডকে আলোকিত করা হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের নিয়মিত কর পরিশোধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ ওমর ফারুক। উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম ও পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম।
গতকাল বিকেল সাড়ে চারটায় সভাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের একপাশ দিয়েই বহদ্দারহাটমুখী এবং কালুরঘাট সেতুমুখী গাড়ি চলছে। বিপরীতমুখী গাড়ি পাশাপাশি চলার কারণে কিছু সময়ের জন্য সেখানে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ ও উন্নয়ন কমিটির স্বেচ্ছাসেবকেরা যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করেন।
সিএনজিচালিত অটোরিকশা–চালক মো. আলাউদ্দিন ও যাত্রী মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সড়কের অন্য কোথাও জট ছিল না। অনুষ্ঠানমঞ্চের পাশের অংশটুকু পার হতে কিছুটা সময় লেগেছে।
চান্দগাঁও নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক নাজমুল হক নিরুপায় হয়ে সড়কের ওপর অনুষ্ঠান করতে হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের জন্য পাশের মাঠ প্রস্তুত করা হয়েছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কাদা জমে যায়। সেখানে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। যাত্রীদের দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।