সড়কের একাংশ বিলীন ঝুঁকির মুখে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর ভাঙনে চন্দ্রঘোনা-দোভাষী বাজার সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার দোভাষী বাজার ঝুঁকির মুখে।
কর্ণফুলীর ভাঙনে এরই মধ্যে অর্ধশতাধিক দোকান ও বসতঘর বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে দোভাষী বাজার জেটিসহ শতাধিক দোকান।
স্থানীয় লোকজন জানান, কর্ণফুলীর ভাঙনের কারণে চন্দ্রঘোনা-দোভাষী বাজার সড়ক দুই বছর ধরে বন্ধ রয়েছে। এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে না পারায় দোভাষী বাজার এলাকার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চার কিলোমিটার দীর্ঘ এ সড়কের আরও এক কিলোমিটার অংশ বিলীন হওয়ার পথে।
স্থানীয় বাসিন্দা মো. আবদুছ সবুর বলেন, বান্দরবান, রাঙামাটির কাপ্তাই, দক্ষিণ রাঙ্গুনিয়া, পদুয়া, চন্দ্রঘোনা-রাইখালী, পূর্ব চন্দ্রঘোনার লোকজনসহ অর্ধলক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে দোভাষী বাজারে যাতায়াত করে। প্রতিবছর বর্ষায় সড়কটি ভাঙনের কবলে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ অবস্থায় ঝুঁকি নিয়ে দোভাষী বাজার, হাসপাতাল এবং কর্ণফুলী পেপার মিলে যাওয়া-আসা করছে অনেক মানুষ।
চন্দ্রঘোনা রাজ সিটি সেন্টারের মালিক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী বলেন, ১৯০৭ সালে চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর চন্দ্রঘোনা-দোভাষী বাজার ফেরিঘাট সড়কটি নির্মিত হয়। সড়কটি এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধ করা না গেলে দোভাষী বাজার নদীগর্ভে তলিয়ে যাবে।
চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফারজানা হক বলল, ‘আগে সড়কটি দিয়ে অল্প সময়ের মধ্যে স্কুলে আসা-যাওয়া করতাম। কিন্তু সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় অন্য পথে স্কুলে যেতে হয়।’
দোভাষী বাজারের কাপড় ব্যবসায়ী মো. আলম বলেন, সড়কটির সংস্কার না হওয়ায় ক্রেতারা দোভাষী বাজারে আসতে চান না। তিনি আরও বলেন, দোকানপাট, ঘরবাড়ি, জেটিসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার পথে।
কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের চন্দ্রঘোনা শাখার কার্যসহকারী অংজাইবাই মারমা বলেন, সড়ক ও বাজারের ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। বরাদ্দ পেলে শিগগিরই কাজ শুরু করা হবে।