সড়কের ওপর গরুর হাট, দুর্ভোগ
দীর্ঘদিন ধরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরে সড়কের ওপর বসছে গরুর হাট। মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের ওপর প্রতি বুধবার গরুর হাট বসায় ওই সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলচলে বিঘ্ন ঘটছে। বর্তমানে সড়কজুড়ে কোরবানির পশুর হাট বসায় দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।দক্ষিণ বন্দর এলাকার ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘বড়মাছুয়া স্টিমার ঘাট ও হাসপাতালে যাতায়াতের গুরুত্বপর্ণ এই সড়কটিতে গরুর হাট বসায় যানবাহন তো দূরের কথা, মানুষের চলতে কষ্ট হচ্ছে।’গরু হাটের ইজারাদার মজিবর রহমান শিকদার সৌদি আরবে রয়েছেন। তাঁর প্রতিনিধি সমীর কুমার দাস সড়কে গরুর হাট বসার জন্য দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অপরিসর জায়গায় হওয়ায় সড়কের ওপর হাট বসাতে হচ্ছে।মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফি উদ্দিন আহমেদ বলেন, দক্ষিণ বন্দর থেকে গরুর হাটটি সরিয়ে দক্ষিণ মিঠাখালী গ্রামে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দক্ষিণ মিঠাখালীর প্রস্তাবিত গরুর হাটের জায়গা নিয়ে সদর ইউনিয়ন পরিষদের সঙ্গে পৌরসভার মামলা চলায় হাটটি স্থানান্তর করা যাচ্ছে না।