সড়কের ওপর ট্রান্সফরমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌর শহরের ব্যস্ততম সড়কের ওপর ‘বিপজ্জনক’ সাবধানবাণী লিখে লোহার খাঁচায় রাখা হয়েছে একটি ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সফরমার। এক সপ্তাহ ধরে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি এভাবে রাস্তার ওপর রাখা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকায় মূল সড়কের ওপর ট্রান্সফরমারটি রাখে কিশোরগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ। অথচ প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। এ ছাড়া ট্রান্সফরমারের কিছু দূরেই অবস্থিত মুন্সি আজিম উদ্দিন প্রাথমিক বিদ্যালয় ও আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়। এ দুই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এ ট্রান্সফরমারের পাশ দিয়েই যাতায়াত করে।

গতকাল শনিবার দুপুরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের কয়েকটি শিশুকে ট্রান্সফরমারের পাশ ঘেঁষে বিদ্যালয় থেকে ফিরতে দেখা যায়। এসব শিশু জানিয়েছে, ট্রান্সফরমারের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ভয় লাগে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার ছোট শিশুরা এ সড়ক দিয়ে যাতায়াতের সময় খেলার ছলে ট্রান্সফরমারের ভেতর হাত ঢুকিয়ে দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত ট্রান্সফরমারটি সরিয়ে ফেলা উচিত।

কিশোরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মিয়া বলেন, এটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ মূল সড়কের ওপর এভাবে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি বসিয়ে রাখা হয়েছে। জনস্বার্থে শুধু বিপজ্জনক সতর্কবাণী লিখে আর একটি ছোট লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, সাধারণত বৈদ্যুতিক খুঁটির ওপর ট্রান্সফরমার স্থাপন করা হয়। কোথাও ট্রান্সফরমার বিকল হলে ওই এলাকাবাসীর বৈদ্যুতিক সুবিধা নিশ্চিত করতে লোহার খাঁচার ভেতর ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসানো হয়। পরে মূল ট্রান্সফরমার মেরামত করে সেটি সংশ্লিষ্ট স্থানে পুনঃস্থাপন করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার সরিয়ে নেওয়া হয়। বর্তমানে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া ও পশ্চিম হারুয়া এলাকায় এমন ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী উবাইদুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ ট্রান্সফরমারগুলো লোহার খাঁচার বেষ্টনী দিয়ে এমনভাবে রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তবে দ্রুততম সময়ের মধ্যে মূল ট্রান্সফরমারটি পুনঃস্থাপন করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারগুলো সরানোর ব্যবস্থা করা হবে।’