সড়কের ওপর ট্রান্সফরমার দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কালীবাড়ি সড়কের ওপর বসানো ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো
সিলেট নগরের কালীবাড়ি সড়কের ওপর বসানো ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো

সিলেট নগরের কালীবাড়ি সড়কে বসানো হয়েছে বিদ্যুতের ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। পথচারীদের সতর্ক করার জন্য এটিতে ছোট্ট করে লেখা, ‘ডেঞ্জার, হাই ভোল্টেজ। ১১,০০০ ভোল্ট। বিপদজনক’। সতর্ক-কথা ছোট্ট করে লেখা থাকলেও বিপদ কিন্তু বড়। এ ট্রান্সফরমার স্পর্শ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয় লোকজন জানান, গত জুন মাসের শুরুতে কালীবাড়ি এলাকার ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ রাস্তার প্রায় অর্ধেক দখল করে ঝুঁকিপূর্ণভাবে দুই চাকার মধ্যে লোহার খাঁচাবন্দী ট্রান্সফরমার সংযোজন করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখে। ট্রান্সফরমারটি এভাবে রাখায় পথচারী ও যানবাহন চলাচলও ঝুঁকির মুখে পড়েছে।

গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কের ওপর বড় লোহার খাঁচা। খাঁচার ভেতরে ট্রান্সফরমার। এর পাশ দিয়ে যানবাহন চলছে। ট্রান্সফরমারের প্রায় গা ঘেঁষে চলছে পথচারীরাও। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রায় আড়াই মাস আগে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি বসালেও বৈদ্যুতিক খুঁটির মধ্যে বিকল হয়ে থাকা পুরোনো ট্রান্সফরমারটি গতকাল বেলা চারটা পর্যন্ত সরিয়ে নেওয়া হয়নি।

কালীবাড়ি এলাকার পাশের করেরপাড়া এলাকার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সুনির্মল দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মূল সড়কের মধ্যে ট্রান্সফরমার থাকায় পাশ দিয়ে যেতে বড়দেরই ভয় লাগে। স্কুলগামী শিশুদের নিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদের ভয় আরও বেশি।’

ওই সব এলাকার পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেল, রাস্তায় ট্রান্সফরমারটি বসানোর সময় বিদ্যুৎ বিভাগ কয়েক দিনের মধ্যেই বিকল হওয়া ট্রান্সফরমারটি মেরামত করা হবেবলে জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। বিকল হয়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামত করে কবে নাগাদ পুনঃস্থাপন হবে, তা নিয়ে এলাকাবাসী অন্ধকারে।

কালীবাড়ি সড়ক দিয়ে চলাচলকারী দুজন রিকশাচালক বলেন, ট্রান্সফরমারটি এখানে বেশি দিন থাকলে যেকোনো সময় সড়কে চলাচলকারী যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে অথবা পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে।

বিদ্যুৎ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যেই কালীবাড়ি এলাকার বৈদ্যুতিক খুঁটির ওপর নতুন ট্রান্সফরমার বসানো হবে। তখন বিকল হয়ে যাওয়া পুরোনো ট্রান্সফরমারটির পাশাপাশি সড়কের ওপরে থাকা ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটিও সরিয়ে নেওয়া হবে।