সড়কের ওপর থেকে দোকান সরাতে গণবিজ্ঞপ্তি জারি
সড়কের ওপর থেকে দোকান সরাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা গণবিজ্ঞপ্তি জারি করেছে। গতকাল বুধবার মেয়রের পক্ষে মাইকে প্রচারের মাধ্যমে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের ১৫ দিনের মধ্যেই সড়কের ওপর থেকে দোকানের অবৈধ অংশ সরিয়ে নিতে হবে। নয়তো এসব উচ্ছেদ করা হবে। একই সঙ্গে পৌরবিধি লঙ্ঘনের দায়ে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
সৈয়দপুর পৌরসভার সূত্রমতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা প্রতিদিন সৈয়দপুরে পাইকারী পণ্য কিনতে আসেন এখানে। সৈয়দপুর মোকাম থেকে ওই পণ্য ট্রাক, পিকআপ বা অন্যান্য বাহনে করে পৌঁছে দেওয়া হয় নিজ নিজ গন্তব্যে। অথচ শহরের প্রধান প্রধান সড়ক বিশেষ করে শহীদ ডা. জিকরুল হক রোড, শহীদ ডা. শামসুল হক রোড, বঙ্গবন্ধু সড়ক, শহীদ টিআর সড়ক, শহীদ জহুরুল হক সড়ক ও বিমানবন্দর সড়ক ব্যবসায়ীদের দখলে থাকায় দুর্ভোগ পোহাতে হয় পাইকার ও পথচারীদের।
নাম প্রকাশ না করার শর্তে রাস্তায় অবৈধভাবে গড়া এক দোকানের মালিক বলেন, ‘সবাই সরালে আমিও সরাব। অন্যরা নিজের দোকান বাড়িয়ে নেওয়ায় আমার দোকান ঢাকা পড়ে যায়। কাজেই বাধ্য হয়ে রাস্তা বরাবর দোকান করতে হচ্ছে।’
সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক (টিআই) ওয়াজনবী বলেন, রাস্তার ওপর দোকান স্থাপন করার কারণে ৬০ ফুট রাস্তা হয়েছে ৩০ ফুট আর ২৪ ফুট রাস্তা হয়েছে ১৫ ফুট। রাস্তার উভয় পাশে অবৈধ দখল বেড়ে যাওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘সড়ক থেকে স্থাপনা সরানোর ঘোষণা আমরা শুনেছি। আমরা ব্যবসায়ীদের অনুরোধ করব, জনস্বার্থে তাঁরা যেন নিজেদের অবৈধ দোকানপাট সরিয়ে নেন।’
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা না সরানো হলে উচ্ছেদ অভিযান চলবে।