সড়কের ওপর নির্মাণসামগ্রী চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের অধিকাংশ সড়কজুড়ে নির্মাণসামগ্রী ফেলে রেখে ভবন নির্মাণ করায় পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ ছাড়া যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
শহরের বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাসের পর মাস সড়কের পাশে; এমনকি মাঝ বরাবর ইট, বালু, খোয়া, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্তূপ করে রেখে বাড়ির নির্মাণকাজ করার বিষয়টি এখন শহরের অন্যতম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সড়কের ওপরে ঢালাই মেশিন বসিয়ে ভবনের ছাদ ও অন্যান্য ঢালাইয়ের কাজ করানো এবং ইট ভাঙার মেশিন বসিয়ে ইটের সুরকি তৈরি করার কাজও করা হচ্ছে। এতে একদিকে পথচারীদের চলাচলে ভোগান্তি ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি মারাত্মক শব্দদূষণে ভুগছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
শহরের ডিকেপি সড়ক ঘুরে দেখা যায়, সড়কটির ক্রোক স্লুইসগেট থেকে বটতলা পর্যন্ত পৌনে এক কিলোমিটারের দুই পাশে অন্তত নয়টি স্থানে সড়কের মাঝ বরাবর নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। ডিকেপি সড়কের স্কুলশিক্ষার্থী লামিয়া আক্তার বলে, এই সড়কের ক্রোক স্লুইসগেট থেকে বটতলা পর্যন্ত ১০-১২টি স্থানে সারা বছরই সড়কের দুই পাশে ও মাঝ সড়ক পর্যন্ত বালু, ইট, ইটের খোয়া ও পাথরের স্তূপ থাকায় পথ চলতে খুব বেগ পেতে হয়। ধুলাবালুতে বিদ্যালয়ের পোশাক নোংরা হয়ে যায়, পরদিন আর এই পোশাক পরে বিদ্যালয়ে যাওয়া যায় না। ডিকেপি সড়কের অটোরিকশাচালক খোকন মিয়া জানান, সড়কের ওপরে এভাবে নির্মাণসামগ্রী রাখায় গাড়ি চালাতে মারাত্মক সমস্যা হয়। প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ডিকেপি সড়কের আরেক বাসিন্দা আইনজীবী আশিস সমাদ্দার বলেন, ‘সড়কের ওপরে নির্মাণসামগ্রী রাখায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি সড়কের স্থায়িত্ব কমে যাচ্ছে।’
একই অবস্থা শহরের কলেজ সড়কেও। কলেজ সড়কের বাসিন্দা আবদুর রাজ্জাক মাস্টার বলেন, সারা বছরই পুরো সড়কের ১৫-২০ জায়গায় এভাবে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। যাঁরা এসব সামগ্রী রেখে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেন, তাঁরা নিজেরাও এসব দেখেন এবং জানেন, কিন্তু সব জেনেবুঝেই তাঁরা এসব জনদুর্ভোগ সৃষ্টি করেন। এটা সচেতনতার ব্যাপার। আর এটা শহরের সর্বত্রই নিরবচ্ছিন্নভাবে চলছে। পৌর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এটা এখন রেওয়াজে পরিণত হয়েছে।’
শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক, কাজী নজরুল ইসলাম সড়ক ছাড়াও কেজি স্কুল সড়ক, হাইস্কুল সড়ক, কলেজ শাখা সড়ক, প্রধান ডাকঘরসংলগ্ন সড়ক, ধানসিঁড়ি সড়কের বিভিন্ন অংশজুড়ে রয়েছে এমন অসংখ্য নির্মাণসামগ্রীর স্তূপ।
শহরের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী জানান, রাতে পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করলে সড়কে নির্মাণসামগ্রী রাখার কারণে তাঁরা সমস্যায় পড়েন। এতে সড়কগুলো অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। এর ফলে সড়কে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়ায়।
জানতে চাইলে বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সড়কের ওপর নির্মাণসামগ্রী যাতে না রাখা হয়, সে জন্য আমরা বেশ কয়েকবার মাইকিং করেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অচিরেই আমরা প্রশাসনের সহায়তায় ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান করব।’