সড়কের ওপর বাজার মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার প্রধান সড়কে দুটি বাজার বসায় বিদ্যালয়গামী শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১৫ বছর ধরে এই বাজার দুটি বসলেও পৌর কর্তৃপক্ষ সেগুলো অন্যত্র স্থানান্তরে কোনো উদ্যোগ নেয়নি।বাজার দুটি হলো ৮ নম্বর ওয়ার্ডের সান্যালপাড়া মহল্লার দুধবাজার এবং ৯ নম্বর ওয়ার্ডে রেজিস্ট্রি অফিস মোড়ের কাঁচাবাজার।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেজিস্ট্রি অফিস মোড়ে বারোদুয়ারী পাড়া মসজিদ উন্নয়নের নামে এই কাঁচাবাজারটি গড়ে ওঠে। প্রতিদিন সকাল ছয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ বাজার। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে দুধবাজার। বাজার চলাকালে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সড়কটি আরও সরু হয়ে পড়ে। ফলে প্রতিদিনই চলাচলে প্রতিবন্ধকতাসহ যানজট লাগে।শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ বলেন, বাজারের মধ্য দিয়ে মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। অন্তত ছাত্রীদের কথা চিন্তা করে বাজার অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক ছাত্রী সড়কে তাদের নিরাপদ যাতায়াতের দাবি জানিয়েছে।বাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর তাপস মালাকার ও ফিরোজ আহমেঞ্চদ স্বীকার করেন, বাজার দুটির কারণে জনগণের চলাচলে দুর্ভোগ বেড়েছে।রিকশাচালক জাহিদুল ইসলাম জানান, বাজারের কারণে ওই সড়কে প্রতিদিন যানজট লাগে। এ জন্য তাঁরা সাংগঠনিকভাবে বাজার দুটি অন্যত্র স্থানান্তরের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।পৌরসভার দরপত্র কমিটির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর নিমাই ঘোষ বলেন, পৌরসভার পক্ষ থেকে দুধবাজারটি ইজারা দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজারটি ইজারা দেওয়া হয়নি। কাঁচাবাজারের দোকানি আবদুল খালেক জানান, তিনি সড়কের পাশে যে স্থায়ী দোকানের সামনে পসরা সাজিয়ে বসেছেন, এ জন্য তাঁকে সেই দোকানমালিককে ভাড়া হিসেবে দিনে ৫০ টাকা দিতে হয়। এ ছাড়া মসজিদ উন্নয়নের জন্য প্রতিদিন পাঁচ টাকা দিতে হয়। একই ধরনের কথা বললেন অপর দোকানি নাসির উদ্দিন।মসজিদ উন্নয়ন ও পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বাজার থেকে যে টাকা তোলা হয় তা মসজিদের উন্নয়নে ব্যয় করা হয়। তবে বাজারের কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এ কথা ঠিক।শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, ‘বাজার দুটি অন্যত্র স্থানান্তরের বিষয়ে পৌর পরিষদে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’