সড়কের ওপর বিদ্যুতের খুঁটি
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় সড়কের ওপর থেকে টেলিফোন ও বিদ্যুতের খুঁটি না সরিয়েই দেওয়ানহাট-অলংকার মোড় সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ২০১১ সালে নগরের ঢাকা ট্রাংক রোডের (দেওয়ানহাট থেকে অলংকার মোড়) ৪ দশমিক ৩০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শুরু করে। ৮৬ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের জুনে।
দেওয়ানহাট মোড় এলাকায় গিয়ে দেখা যায়, ওভারপাসের এক পাশে সড়কে পিচের আস্তরণের (কার্পেটিং) কাজ শেষ হয়েছে। অপর পাশে রাস্তা সমান করা হয়েছে। কিছুদিন পরেই পিচের আস্তরণের কাজ শুরু হবে। এখানে সম্প্রসারিত সড়কেই রয়েছে বিশাল একটি গাছের শিকড় এবং বিদ্যুৎ ও টেলিফোনের দুটি খুঁটি। এ ছাড়া এই অংশে আরও অন্তত আটটি খুঁটি রয়েছে সড়কের ওপর।
আসকারাবাদ এলাকার বাসিন্দা নুরুল আলম বলেন, ‘রাস্তা সমান করার আগেই তো খুঁটি সরানো উচিত ছিল। এগুলো আদৌ সরানো হবে কি না, সন্দেহ আছে। কারণ, এই প্রকল্পের ঈদগা, মনসুরাবাদ, বারোকোয়ার্টার এলাকায় এ রকম বেশ কয়েকটি খুঁটি রেখেই সড়কের কাজ শেষ হয়েছে।’
এদিকে প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অলংকার থেকে দেওয়ানহাট মোড়ের আগ পর্যন্ত সড়কের কাজ শেষ করা হলেও মাঝখানে ঈদগা ও মনসুরাবাদ এলাকার একটি অংশের কাজ এখনো শেষ হয়নি। সড়ক বিভাজকগুলোতে স্থানীয় লোকজন বিভিন্ন মৌসুমি সবজির চাষ করেছেন। রোপণ করেছেন ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ। এগুলোর মাঝখানেই বসানো হয়েছে সড়কবাতির খুঁটি।
খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম অনুযায়ী নগরের বিভিন্ন সড়ক বিভাজক এবং বাতির তদারকি করে সিটি করপোরেশন। কিন্তু সিডিএ এখনো করপোরেশনকে এগুলো বুঝিয়ে দেয়নি। সিডিএ ঠিকাদারদের তদারকিতে আপাতত সড়কবাতি সচল রেখেছে।
পীর আলী শাহ মাজার মসজিদসংলগ্ন দক্ষিণ পাহাড়তলী মহল্লার সর্দার আমীর পারভেজ বলেন, ‘এমনিতে ফুটপাত দখল, বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে আমরা রাস্তা বড় করার সুফল পাচ্ছি না। তার ওপর সড়কবাতিগুলো মাঝেমধ্যে নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।’
জানতে চাইলে সড়কের প্রকল্প পরিচালক এবং সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চলতি জানুয়ারি মাসের মধ্যেই সব সমস্যার সমাধান করব। সড়ক থেকে সব খুঁটি সরানোর ব্যাপারে ইতিমধ্যে পিডিবি ও টিঅ্যান্ডটি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। সড়ক বিভাজক এবং বৈদ্যুতিক বাতি আমরা সিটি করপোরেশনকে বুঝিয়ে দেব।’