সড়কের ওপর মার্কেট নির্মাণ করবে জেলা পরিষদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার কলেজ বাজারে প্রধান সড়কের ওপর মার্কেট নির্মাণ করবে জেলা পরিষদ। স্থানীয় ব্যক্তিরা বলছেন, এখানে মার্কেট হলে সড়ক সরু হয়ে যাবে, যানজট বাড়বে। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ওই জায়গায় মার্কেটে দোকানঘর বরাদ্দ দিতে লোকজনের কাছ থেকে আবেদন নিচ্ছে জেলা পরিষদ। কলেজ বাজার এলাকায় সরকারি হাসপাতালসংলগ্ন সড়কের ওপর এই জায়গায় মার্কেটের দোকান বরাদ্দ নিতে সরকারদলীয় নেতা-কর্মীসহ স্থানীয় প্রভাবশালীরা নামে-বেনামে আবেদন করেছেন। জেলা পরিষদ সূত্র জানায়, মার্কেটে দোকানঘর বরাদ্দ নিতে ইতিমধ্যে শতাধিক আবেদনপত্র পাওয়া গেছে। মার্কেটে প্রতিটি ১২ ফুট প্রস্থ ও আট ফুট দৈর্ঘ্যের ৫০টির বেশি ঘর হবে। সরেজমিন দেখা যায়, জেলা পরিষদ কলেজ বাজার এলাকার যে জায়গায় ঘর বরাদ্দের জন্য আবেদন নিচ্ছে সেটি আসলে সড়ক। ওই সড়কের এক পাশ দিয়ে সম্প্রতি পৌরসভা নালা নির্মাণ করেছে। পৌরসভার নালার ওপর দোকান বসেছে। নালার আগেই রিকশা-ভ্যানস্ট্যান্ড। নালার পরে সরকারি হাসপাতালের সীমানা-প্রাচীর। আক্কেলপুর পৌরসভার প্রকৌশলী ফজলুল হক জানান, দুই মাস আগেই পৌরসভা ৩০ লাখ টাকা ব্যয়ে কলেজ বাজারে হাসপাতালের প্রাচীরের সামনে নালা নির্মাণ করেছে। নালার ওপর মার্কেট করা হলে নালাটি কাজে আসবে না। সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ না নিতে জেলা পরিষদকে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি পৌরসভা সড়কের ওপর থাকা দোকানপাট উচ্ছেদ করে নালা নির্মাণ করেছে। নালা নির্মাণের পর ফুটপাতের ওপর অস্থায়ী দোকানপাট বসছে, আর সামনে রিকশা-ভ্যানস্ট্যান্ড। এতে সড়কে যানবাহন ও লোকজন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কলেজ বাজারের ব্যবসায়ী মুসা বলেন, এমনিতেই হাসপাতালের সড়কে যানজট লেগে থাকে। সেখানে মার্কেট হলে সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ বাড়বে। উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, জেলা পরিষদ যে জায়গায় মার্কেট নির্মাণ করতে চাচ্ছে, সেটি আসলে পৌরসভার অনুমোদিত রিকশা-ভ্যানস্ট্যান্ড। সেখানে জেলা পরিষদ মার্কেট করতে চাইলে তা প্রতিহত করা হবে। উপজেলা নাগরিক কমিটির সভাপতি সাইদুর রহমান কবিরাজ বলেন, সড়কের ওপর মার্কেট হলে সড়ক সংকুচিত হবে। প্রয়োজনে উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে মার্কেট নির্মাণ প্রতিহত করা হবে। আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, মার্কেট নির্মাণে পৌরসভার আপত্তি আছে। এ নিয়ে অনেকেই আমার সঙ্গে কথা বলেছেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান বলেন, জেলা পরিষদের আয় বাড়াতেই জেলা পরিষদের জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকৃত ব্যবসায়ীদের মার্কেটের দোকানঘর বরাদ্দ দেওয়া হবে।