সড়কের ওপর হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাদেবপুর সদরের নতুন ব্রিজ-মডেল স্কুল সড়কের ওপর বসছে হাটবাজার। এতে পথচারী ও যান চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
মহাদেবপুর সদরের নতুন ব্রিজ-মডেল স্কুল সড়কের ওপর বসছে হাটবাজার। এতে পথচারী ও যান চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে প্রধান সড়কে বসছে অস্থায়ী বাজার। এতে নোংরা হচ্ছে শহরের পরিবেশ। ব্যাহত হচ্ছে মানুষ ও যানবাহন চলাচল। বছরের পর বছর এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের পোস্ট অফিস মোড় থেকে শহরের জাহাঙ্গীরপুর মডেল হাইস্কুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক আগে বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু ২০১৬ সালে সদরের কুঞ্জবন এলাকায় আত্রাই নদের ওপর নতুন সেতু হওয়ার পর এই সড়কটিই বর্তমানে শহরের প্রধান সড়কে পরিণত হয়েছে। এখন সড়কটি মডেল হাইস্কুল-নতুন ব্রিজ সড়ক নামে পরিচিত। এই সড়ক ও সেতুর ওপর দিয়েই নিয়ামতপুর ও পোরশায় যেতে হয়। সেতুটি হওয়ার পর সড়কটি প্রশস্তও করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিদিনই সড়কের ওপর অস্থায়ী খুচরা ও পাইকারি বাজার বসছে। তবে এখানে হাট বসে শনি ও বুধবার। এই দুই দিন বেশি দোকান বসায় সড়কটিতে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। সৃষ্টি হয় যানজট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। কারণ, স্থানীয় সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়, সর্বমঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গীরপুর মডেল উচ্চবিদ্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সড়ক ব্যবহার করতে হয়।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, মডেল হাইস্কুল মোড়-নতুন ব্রিজ সড়কের উপজেলা পরিষদের প্রধান গেট থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাজুড়ে ধানের আড়ত, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। উপজেলা পরিষদের গেট থেকে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশের লেনে সড়কের ওপর ধানের আড়ত বসিয়ে চলছে ধান কেনাবেচা। ধান কিনে রাস্তার ওপরই স্তূপ করে রাখা। আর বক চত্বর থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সবজির বাজার বসায় পথচারী ও যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় একটি কলেজের প্রভাষক আজাদুল ইসলাম বলেন, আগে এই সড়কটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হতো। তখন সড়ক দিয়ে মানুষের চলাচল কম হতো। সড়কের ওপর বাজার বসলেও সমস্যা হতো না। এখন এটি প্রধান সড়কে পরিণত হয়েছে। এখন সড়কের ওপর বাজার বসায় ভোগান্তি বেড়ে গেছে। অনতিবিলম্বে সড়কের ওপর হাটবাজার বসা বন্ধ করা উচিত।

হাটে সবজি বিক্রি করতে আসা আক্কাস আলী, জীবন মণ্ডল, জাহিদুলসহ সাত-আটজন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরেই রাস্তার ওপর ব্যবসা করছেন। রাস্তার ওপর দোকানদারি করলেও ইজারাদারকে খাজনা দিতে হয়। যাঁরা শেডে বসে ব্যবসা করেন, তাঁরা যেমন খাজনা দেন, রাস্তার ওপর যাঁরা ব্যবসা করেন, তাঁদেরও একই খাজনা দিতে হয়। ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের ওপর ব্যবসা করতে হচ্ছে।

মহাদেবপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গৌতম কুমার মণ্ডল বলেন, ‘মহাদেবপুর সদরে সবজি বাজারের জন্য যে শেড করে দেওয়া হয়েছে, সেটির পরিসর খুবই ছোট। তিন ভাগের এক ভাগ সবজি বিক্রেতাই সেখানে জায়গা পান না। তাই বাধ্য হয়ে তাঁদের সড়কের ওপর বসতে হয়। প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট জায়গা নির্বাচন করে দিলে আমরা সেখানে সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন বলেন, মূলত হাটের দিনগুলোতে সড়কে দোকানপাট বেশি বসে। এ জন্য যাতায়াতে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে রাস্তা প্রশস্ত হওয়ার পর অন্যান্য দিন বাজার বসলেও খুব একটা সমস্যা হয় না। সদরে বাজার এলাকায় জায়গা খুবই কম। এ জন্য অনেক খুচরা বিক্রেতা সড়কের ওপর অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে একটা সমাধান বের করতে হবে।