সড়কের ওপর হাটবাজার বাড়ছে যানজট, দুর্ঘটনা
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক ও মহাসড়কের ওপর ১১টি হাটবাজার বসছে। এসব এলাকা দিয়ে যানবাহন অতিক্রম করার সময় সৃষ্টি হচ্ছে যানজট। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ছয় মাসে এসব হাট এলাকায় দুর্ঘটনায় নয় পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরের সঙ্গে উপজেলা সদরে দুটি আঞ্চলিক সড়ক রয়েছে। এ ছাড়া পঞ্চগড় ও দিনাজপুরের সঙ্গে মহাসড়ক রয়েছে। এসব সড়ক ও মহাসড়কের ওপর প্রতিনিয়ত বসছে হাটবাজার। সম্প্রতি এসব এলাকায় কমপক্ষে নয়জন পথচারী নিহত হয়েছেন।
সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় সপ্তাহে দুদিন বসে খোঁচাবাড়িহাট। হাটের ক্রেতা-বিক্রেতারা ধান, গম, ভুট্টা, পাটসহ বিভিন্ন পণ্য নিয়ে বসেন ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ওপর। এতে হাটের সময় মহাসড়কে যানজট লেগেই থাকে।
খোঁচাবাড়িহাটের ব্যবসায়ী রমজান আলী বলেন, হাটে জায়গা কম থাকায় রাস্তার দুই পাশে মালামাল নিয়ে বসতে হয়। হাটের সময় ক্রেতা বিক্রেতার ভিড় থাকে বলে যানজট সৃষ্টি হয়। সদর উপজেলার পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় প্রতি সপ্তাহে দুই দিন বসে চৌধুরীহাট। মহাসড়কের একপাশে হাট ও অন্যপাশে সালন্দর ডিগ্রি কলেজ, উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, মহিলা কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সালন্দর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাকসুদুল হক বলে, চৌধুরীহাটের পাশের এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু ও ছুটির সময় এমনিতেই ভিড় লেগে থাকে। হাটে সময়তো চলাচল করা কষ্ট হয়ে যায়। হাটের ওপর দিয়ে অসংখ্য যানবাহন পঞ্চগড়ে যাতায়াত করে বলে প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে।
পঞ্চগড় মহাসড়কের ওপর সপ্তাহে দুদিন বসে ভুল্লিহাট। হাটের কারণে ওই মহাসড়কে চলাচল করতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় সড়কের পাশে প্রতিদিন সকালে বসে পাইকারি সবজির বাজার। জেলার সবজি চাষিরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য বিভিন্ন যানবাহন নিয়ে ওই বাজারে ভিড় করেন। ওই সড়কটি জেলার সঙ্গে অন্য চারটি উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক। ওই এলাকায় ঠাকুরগাঁও সরকারি কলেজ, ইকো পাঠশালা, ইকো কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি হাসপাতাল রয়েছে।
সড়কের হাটবাজার বসার ব্যাপারে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, প্রতিষ্ঠিত হাটবাজার অন্য জায়গায় সরিয়ে নেওয়া দুরূহ কাজ। তবে বিকল্প সড়ক নির্মাণ করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। সদর উপজেলায় বাইপাস সড়কটি নির্মাণ হলে সড়কে যানবাহনের চাপ অনেকটা কমে আসবে।