সড়কের ওপরই নির্মাণসামগ্রী ওঠানো-নামানোর কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় রাস্তার ওপরই কয়েকটি নির্মাণসামগ্রী বিক্রেতাপ্রতিষ্ঠানের মালামাল ওঠানো-নামানোর কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে গুরুত্বপূর্ণ এ এলাকাটি যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য জেলা বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্যারটেক এলাকায় একেবারে রাস্তা ঘেঁষে গড়ে তোলা হয়েছে রূপালী ট্রেডিং এজেন্সি, মেসার্স এন ইসলাম অ্যান্ড সন্স, মেসার্স শাহ আমানত ট্রেডার্সসহ কয়েকটি নির্মাণসামগ্রীর বিক্রেতাপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে লোহার রড, ইট, সিমেন্ট পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এসব মালামাল বাহনে তোলা এবং দোকানে আনার পর খালাসের কাজটি করা হয় মূল সড়কের ওপরই। ফলে যেকোনো সময়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এতে করে মেরিন ফিশারিজ একাডেমি, ফিরিঙ্গীবাজার ফেরিঘাট, কর্ণফুলী থানা, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগামী যাত্রীসহ আপামর জনসাধারণকে অনেকটা ঝুঁকি নিয়ে মইজ্যারটেক পার হতে হয়। সম্প্রতি মইজ্যারটেক এলাকায় গিয়ে রাস্তার ওপরই ওই প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের মালামাল ট্রাকে ওঠানো-নামানো করতে দেখা যায়।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, মইজ্যারটেক হয়ে প্রতিদিন আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী এলাকায় লোকজন যাতায়াত করে থাকে। কিন্তু সড়কের গুরুত্বপূর্ণ জায়গা দখল হয়ে যাওয়ায় সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান বলেন, ‘আমি ফিরিঙ্গীবাজার হয়ে মইজ্যারটেক দিয়ে গাড়িতে করে চাকরিতে যাই। কিন্তু সড়কে ট্রাক থাকায় প্রতিদিনই যাওয়া-আসার সময় কষ্ট পেতে হয়।’ জানতে চাইলে রূপালী ট্রেডিং এজেন্সির ব্যবস্থাপক জয়দেব সড়ক দখল করার কথা অস্বীকার করে বলেন, পণ্য খালাস ও বোঝাইয়ের জন্য তাঁদের আলাদা ব্যবস্থা আছে। মেসার্স শাহ আমানত ট্রেডার্সের ব্যবস্থাপক সেলিম দাবি করেন, সড়কের সামান্য গা ঘেঁষে তাঁদের গাড়িগুলো দাঁড়ায়। এতে বেশি সমস্যা হয় না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে বলেন, সড়ক দখল করে নির্মাণসামগ্রী ওঠানামা করা অন্যায়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।