
সড়কের দুই পাশে অর্ধেকের বেশি জায়গা জুড়ে বাস, পিকআপ, ট্রাক সারি করে রাখা। টেকনিক্যাল মোড় থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত কয়েক শ মিটার জুড়েই এ চিত্র। ফলে সারাক্ষণই এ এলাকায় যানজট।
এ অবস্থা থেকে উত্তরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক ৩০ ডিসেম্বরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল এলাকা যানজটমুক্ত করার ঘোষণা দিয়েছেন। রাস্তায় বাস-ট্রাক-মিনিবাস দাঁড়াতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।
মেয়রের বেঁধে দেওয়া সময়ের আর মাত্র দুই দিন বাকি। গতকাল রোববার গাবতলী টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, টার্মিনালের সামনে পাশাপাশি তিন সারি করে দূরপাল্লার বাস রাখা। সড়কের অন্য পাশেও স্বল্পপাল্লা ও দূরপাল্লার বাস। সংকীর্ণ সড়কে যানবাহন চলার গতি ধীর। ফলে যানজট লেগেই আছে। গাবতলী থেকে মানিকগঞ্জ পথে চলাচলকারী ভিলেজ লাইন এবং পদ্মা লাইনের যাত্রা শুরু ও শেষের জায়গা টার্মিনালের বাইরের সড়ক। গতকাল গিয়ে দেখা যায়, এই দুই কোম্পানির ২৫-৩০টি বাস টার্মিনালের বাইরের সড়কে দাঁড়িয়ে আছে।
গাবতলী সেতুর কাছে সড়কের ওপরে গাবতলী-যাত্রাবাড়ী পথে চলাচলকারী অন্তত ১৫টি বাস রাখা। এর পাশেই কতগুলো ট্রাক এলোমেলোভাবে রাখা। বাগবাড়ির মিরপুর শাহি মসজিদ কমপ্লেক্সের সামনের প্রধান সড়কেও একইভাবে বাস রাখা।
টেকনিক্যাল মোড় থেকে মাজার রোডে যাওয়ার পথে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ের সামনে পুরান গাবতলী পিকআপ স্ট্যান্ড। দেখা যায়, সড়কের ওপরে ২০-২৫টি পিকআপ রাখা। সড়কের ওপরেই চলছে নষ্ট পিকআপ মেরামতের কাজ।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, ‘সরকার যেভাবে বলছে, আমরা তা-ই করছি। সড়কে কোনো ট্রাক-পিকআপ দাঁড়াবে না। কিন্তু গাড়িগুলো রাখাতে তো হবে। ট্রাক রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা দিতে হবে।’
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, গাবতলী টার্মিনাল এলাকার আশপাশের ফিলিং স্টেশনগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে এটা বলা যাবে না। এগুলো যানজট বাড়াচ্ছে।