সড়কের ওপরে কাঠের স্তূপ, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঠ। ছবিটি গত শনিবার মেহেরপুর সদর উপজেলার কাথুলি এলাকার কায়েমকাটা মোড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঠ। ছবিটি গত শনিবার মেহেরপুর সদর উপজেলার কাথুলি এলাকার কায়েমকাটা মোড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে রয়েছে পাঁচটি করাতকল। সেখানে রাস্তার দুই ধারেই মানুষের চলাচলের স্থানে স্তূপ করে রাখা আছে কাঠ।
এ সড়কে সাইকেলে করে প্রতিদিন মেহেরপুর শহরে গিয়ে ক্লাস করতে হয় কলেজছাত্র আকিরুল ইসলাম ও রাজন মিয়াকে। তাঁরা বলেন, সড়কের এ অংশে আসার পর ভয় লাগা শুরু হয়। মনে হয়, এই বুঝি দুর্ঘটনা ঘটল। বিশেষ করে যখন বাস-ট্রাক আসে, তখন কাঠের স্তূপের কারণে সরে দাঁড়ানোর আর উপায় থাকে না।
স্থানীয় একটি করাতকলের মালিক সেন্টু আলী স্বীকার করলেন, এভাবে সড়কের ওপরে কাঠ রাখা ঠিক নয়। তবে তিনি দাবি করেন, ওই কাঠ তাঁদের নয়। তাঁর করাতকলের কাঠ ভেতরে রাখা হয়।
জেলার বিভিন্ন সড়কে এভাবে সড়কের ওপরে কাঠসহ বিভিন্ন সামগ্রী রাখা হচ্ছে। এতে করে সংকুচিত হয়ে আসা রাস্তায় যানবাহন ও পথচারীদের চলতে অসুবিধা হচ্ছে। মাঝেমধ্যে এসব সড়কে ঘটছে দুর্ঘটনা।
গাংনী-মেহেরপুর সড়কে (কাথুলি সড়ক নামে পরিচিত) গাংনী উপজেলার কাথুলি এলাকায় করাতকল আছে ছয়টি। ব্যবসায়ীরা রাস্তার পাশে কাঠ সাজিয়ে রেখে ব্যবসা করছেন। কাঠের কারণে বিশেষ করে পাশ কাটানোর সময় যানবাহন সমস্যায় পড়ছে। সম্প্রতি এ স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান মোটরসাইকেল আরোহী মুকুল আহমদ (৪৬)। সড়কের পাশে কাঠের স্তূপ থাকায় ট্রাক দেখার পরও তিনি নিরাপদ দূরত্বে সরতে পারেননি।
জেলার গাংনী-আলমডাঙ্গা ও গাংনী-কুষ্টিয়া সড়কের অনেক স্থানেও একই অবস্থা দেখা গেছে। এসব সড়কের জায়গায় জায়গায় করাতকলের কাঠের পাশাপাশি বালুর স্তূপ করে রাখা আছে।
এদিকে জেলার বিভিন্ন সড়কে রাস্তার ওপরে লালশাকের কাঁচা গাছ বিছিয়ে রেখে বীজ মাড়াই করা হয়। এই গাছ খুবই পিচ্ছিল হওয়ায় বিশেষ করে মোটরসাইকেলগুলো দুর্ঘটনায় পড়ছে। এ অবস্থা দেখা গেল গাংনী-মেহেরপুর সড়কের সহগলপুর, গাড়াবাড়ীয়া, ভাটপাড়া, নওপাড়া ও কুলবাড়িয়া গ্রাম এলাকায়।
নওপাড়া গ্রাম এলাকায় সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন স্কুলশিক্ষক ইন্দাদুল। তিনি ছেলেকে পরীক্ষা কেন্দ্রে এগিয়ে দিতে যাচ্ছিলেন। লালশাকের কাঁচা গাছের কারণে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেলটি উল্টে যায়।
এ সড়কে নিয়মিত চলাচলকারী লেগুনাচালক মো. আনসার বলেন, এভাবে কৃষিপণ্য রাখায় গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়। রাস্তা এতটাই পিচ্ছিল থাকে যে ব্রেক কষলেও গাড়ি থামে না। দুর্ঘটনা ঘটে।
সহগলপুর গ্রামের চাষি আনছার আলী বলেন, ‘এই লালশাকের গাছের ওপর দিয়ে যানবাহনের চাকা গেলে সহজেই তা মাড়াই হয়ে যাবে। এ কারণে সড়কের ওপর সেগুলো বিছিয়ে দিয়েছি।’ কুলবাড়িয়া গ্রামের মইনুল ইসলাম বলেন, রাস্তার ওপর এভাবে ফসল মাড়াইয়ের বিষয়টি যে যান চলাচলের জন্য বিপজ্জনক, তা তিনি বোঝেন। কিন্তু বিকল্প কোনো জায়গা না থাকায় তিনি এ কাজ করছেন।
জেলা প্রশাসক পরিমল সিংহ প্রথম আলোকে বলেন, সড়ককে কোনোভাবেই কৃষিপণ্য, নির্মাণসামগ্রী বা অন্য কোনো কিছু রাখার কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না। যদি কেউ এ ধরনের কাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমরা মাঝেমধ্যেই সড়ক থেকে অবৈধ সামগ্রী সরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি। শিগগিরই আবার অভিযান
চালানো হবে।’