সড়কের ওপরে হাট, ভোগান্তি
এক যুগ আগেও রংপুরের তারাগঞ্জের হাটটি ছিল বেশ বড়। এখানে কৃষকেরা ধান, আলু, পাট, সবজিসহ বিভিন্ন পণ্য নিয়ে আসতেন বিক্রি করতে। এখন হাটের জায়গায় গড়ে উঠেছে স্থায়ী দোকানপাট। বাধ্য হয়ে কৃষকেরা পণ্য নিয়ে বসছেন হাটসংলগ্ন তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের পাশে, কখনো সড়কের ওপর। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে এই সড়ক দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি সোম ও শুক্রবার তারাগঞ্জ হাটটি বসে। প্রতিদিন বসে বাজার। রাজস্ব আয়ের হিসাব অনুযায়ী এটি এখন রংপুরের মধ্যে সবচেয়ে বড় হাট। এ বছর ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাটটিতে সবজি, চাল বিক্রির জন্য কোনো শেড নির্মাণ করা হয়নি। আদা, হলুদ, ধান, পাট, সবজি, মাটির তৈরি হাঁড়ি-পাতিল, ডালি-কুলা, মাদুর বিক্রিরও জায়গা নেই। হাটের স্থান সংকুলান না হওয়ায় কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের ওপর বিক্রি করছেন। ক্রেতার ভিড়ে এক কিলোমিটার সড়ক যেন হাটে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ঠেলাঠেলি করে অতিকষ্টে চলাচল করছেন পথচারীরা এবং যানবাহন।
ওই সড়কের ওপর ঢ্যাঁড়সের বস্তা নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে কৃষক জয়নুল মিয়া। যানজটে আটকে পড়া যানগুলো ধীরগতিতে তাঁর গা ঘেঁষে এগোতে থাকলেও তাঁকে বিচলিত মনে হলো না। তিনি বলেন, ‘কেউ কি ইচ্ছা করি আস্তার (রাস্তা) ওপর বেচাকেনা করবার আইসে। একে তো ফসলের দাম নাই, তার ওপর হাটোত আসি ফসল বেচবার জায়গাও নাই। আস্তাত দোকান না দিয়া করমো কী?’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী হাটের মোট জমির তিন ভাগের এক ভাগে থাকবে দোকানপাট আর দুই ভাগে গরু-ছাগল, ধান, পাট, আদা, হলুদ, শাকসবজিসহ বিভিন্ন পণ্যের হাট। কিন্তু তারাগঞ্জ হাটে ঘটেছে উল্টোটা। হাটের মোট জমির তিন ভাগের আড়াই ভাগেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আধা পাকা দোকানঘর। এতে কৃষকেরা সড়কের পাশে যেতে বাধ্য হচ্ছেন। ফলে সৃষ্টি হচ্ছে যানজট।
হাটে বেগুন বিক্রি করতে আসা ঘনিরামপুর গ্রামের মোহাইমিনুল মিয়া বলেন, ‘সরকার খালি হামারটে টাকাই নেয়। কিন্তু হামার দুঃখকষ্ট দেখে না। হাটোত জায়গা না থাকায় হামরা কষ্টের ফসল বসি বেচবার পারি না।’
শেরমস্ত গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, ‘এ হাটোত হামার কষ্টের ফসল বেচবার জায়গা নাই। রাস্তাত রোদে দাঁড়ে (দাঁড়িয়ে) কম দামে ধান, আদা, পাট, আলু বেচবার নাগে।’
তারাগঞ্জ বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘২০০৭ সালে দোকানপাট উচ্ছেদের পর আমরা ব্যবসায়ীরা বাজারটির ভেতরে ধান, পাট, গমসহ কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির নির্দিষ্ট জায়গা রাখার অনুরোধ করেছিলাম। কিন্তু স্থানীয় প্রশাসন তা শোনেনি। জায়গার অভাবে কৃষক এখন রাস্তার ওপর হাট বসান। ফলে যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হয় সমস্যায়।’
তারাগঞ্জ হাটের ইজারাদার নুরুল আমিন বলেন, হাটের ভেতর কৃষকদের পণ্য বিক্রির জায়গা না থাকায় তাঁরা সড়কেৃর ওপর ফসল বিক্রি করছেন, সংস্কারের অভাবে নালাগুলো দিয়ে বাজারের পানি ঠিকমতো নামছে না। এতে সামান্য বৃষ্টিতেই বাজারে কাদাপানির সৃষ্টি হচ্ছে। এক বছর হলো গণশৌচাগারটি নষ্ট হয়ে পড়ে আছে। বিষয়গুলো কয়েক দিন আগে ইউএনওকে জানানো হয়েছে।
ইউএনও জিলুফা সুলতানা বলেন, ‘তারাগঞ্জ হাট-বাজারের সমস্যাগুলো চিহ্নিত করার জন্য এক সপ্তাহ আগে হাটের নতুন ও পুরোনো ইজারাদারদের ডেকে এনে সভা করেছি। পর্যায়ক্রমে সব হাটের সমস্যা সমাধান করা হবে।’