সড়কের ওপারে মামাবাড়ি যাওয়া হলো না তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামাবাড়ি যাওয়া হলো না নয় বছর বয়সী শিশু তামিম শেখের। গত বুধবার বিকেলে বেড়াতে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা এলাকায় বাসচাপায় আহত হয় সে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিশুটির মা খাদিজা বেগম বলেন, ‘ওই দিন দুপুরে আমি ঘরে কাজ করতেছিলাম। হঠাৎ দেখি, তামিম ছাতা নিয়া দৌড়াইয়া যাইতেছে। কোথায় যাস জানতে চাইলে বলে, “মামাবাড়ি যাই”। এর পর ডাকাডাকি করে ওরে যাইতে নিষেধ করলেও সে শোনে নাই। ওর সাথে এই আমার শেষ কথা।’মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউছ হোসেন জানান, বুধবার বিকেলে উপজেলার গেরাখোলা সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস শিশুটিকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়া হয়। সে ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভ্যানচালক মো. জাকির শেখের ছেলে। প্রতিবেশী লায়েক শেখ জানান, ঘটনাস্থলের কাছেই সড়কের ওপারে শিশুটির মামাবাড়ি।