সড়কের কাজ ফেলে গেছেন ঠিকাদার
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর বাজার থেকে রাজারামপুর পর্যন্ত সড়কের পাকাকরণের কাজ শেষ না করেই ঠিকাদারের লোকজন চলে গেছেন। যে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তা-ও ভাঙতে বসেছে। ফলে দুর্ভোগে পড়ছে ১০ গ্রামের মানুষ।এই সড়ক দিয়ে শিবপুর, ঘৌড়দৌড়, পারভবানীপুর, কারিগরপাড়া, ঝাঁজরসহ ১০টি গ্রামের লোকজন যাতায়াত করে। পাশের ধুনট উপজেলার লোকজনও যাতায়াত করে থাকে। গ্রামের কৃষকেরা জমির উৎপাদিত ফসল এই সড়ক দিয়েই নিয়মিত বাজারে কেনাবেচা করে থাকেন। বুধবার ওই সড়কে গিয়ে দেখা যায়, ইটের খোয়া এবড়োখেবড়ো হয়ে সড়কের ওপর পড়ে রয়েছে। প্রায় ১২ ফুট প্রস্থের ওই সড়কের কয়েকটি স্থানের খোয়া খসে পাশের জমিতে পড়ে গেছে। এ সড়ক দিয়ে এখন লোকজনের হেঁটে চলাও কষ্টকর। শিবপুর গ্রামের কৃষক আবদুল আজিজ বলেন, 'সড়কডা পাকা করার কথা শুইনা খুশিই হইছিলাম। পাকা না করায় ইটার খুয়ার (খোয়া) উপুর দিয়া হাঁটাও যায় না। কষ্ট কইরা জমির ফসল বাড়িত আনতে হয়।' একই গ্রামের আব্দুস সালাম জানান, সড়কের কাজ শেষ না করেই প্রায় পাঁচ মাস আগে ঠিকাদারের লোকজন চলে গেছেন। এরপর তাঁরা আর কাজে ফিরে আসেননি।উপজেলা প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ওই সড়কের সাড়ে আট শ মিটার থেকে এক হাজার ৮৫০ মিটার পর্যন্ত মোট এক কিলোমিটার পাকাকরণের কাজ শুরু করা হয়। ২০১১ সালের ১০ মে প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। বগুড়ার সোনাতলা উপজেলার মেসার্স লিটন কনস্ট্রাকশন প্রায় ৩৬ লাখ টাকায় কাজটি পায়। চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। সড়কের নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা উপজেলার উপসহকারী প্রকৌশলী আনছার আলী বলেন, সড়কের অবকাঠামো তৈরির কাজসহ বালু ও খোয়া-বালুর মিশ্রণ ফেলানো হয়েছে। সড়কের পানি নিষড়াশনের জন্য তিনটি নর্দমা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ওই প্রকল্পের প্রায় ১৭ লাখ টাকার কাজ শেষ হয়েছে। এতে সড়কের শতকরা ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণাধীন কোনো কাজ ভেঙে গেলে তা-ও ঠিক করে নেওয়া হবে।ঠিকাদারের পক্ষে সড়কের কাজের দেখভালকারী শহিদুল ইসলাম জানান, প্রকল্পের কাজের বিপরীতে টাকা বরাদ্দ নেই। এ পর্যন্ত তিনি মোট খরচের বিপরীতে মাত্র ১১ লাখ চার হাজার টাকা পেয়েছেন। এ জন্য যথাসময়ে সড়কের পাকাকরণের কাজ শেষ করা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ওবায়দুল ইসলাম সড়কের কাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ার সত্যতা স্বীকার করেন বলেন, এই প্রকল্পের জন্য দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। ঠিকাদারকে অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বলা হয়েছে।