সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজের জন্য বক্স কাটার পর গত ১১ মাস ধরে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল তা দূরের কথা, মানুষ পায়ে হেঁটেই চলাচল করতে পারছে না। এতে করে প্রায় ১৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সরণজাই ইউনিয়নের সিধাইড় বটবাজার থেকে মানিককন্যা ও ভায়া নবনবী পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণে জন্য গত বছরের গোড়ার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) দরপত্র আহ্বান করে। প্রাক্কলিত ব্যয় ধরা হয় এক কোটি ৮০ লাখ টাকা। রাজশাহীর মেসার্স সাইদুর রহমান নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। গত ২৯ মার্চ স্থানীয় সাংসদ ও বর্তমান শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর পুরো এক মাস ধরে সড়কের বক্স কাটা হয়। বক্সের মাটি রাস্তার দুই ধারে ফেলে রাখা হয়। এরপর হঠাৎ করে ঠিকাদারের লোকজন কাজ ফেলে চলে যায় প্রায় ১১ মাস আগে। তারা আর ফেরেনি। এদিকে এই কাজের মেয়াদ ছিল ১২০ দিন। অনেক আগেই সেই মেয়াদ পার হয়ে গেছে।স্থানীয় লোকজন জানান, এতে করে গত বর্ষা মৌসুমে ওই এলাকার হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন। সাধারণত ওই এলাকার মানুষ গরুর গাড়িতে করে তাদের কৃষিপণ্য পরিবহন করে। কিন্তু সড়কে বক্স কাটার কারণে কালভার্টের মেঝ থেকে সড়কে অনেক নিচে পড়ে গেছে। এ জন্য ওই সড়কে আর গাড়ি চলতে পারছে না। বর্তমানে সড়কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।সরণজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান জানান, তিনি জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট ঠিকাদার ও বিএমডিএকে কয়েক দফা তাগাদা দিয়েছেন। তার পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। শিগগিরই কাজ শুরু করা না হলে তিনি জনগণকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবেন।ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদুর রহমান জানান, সড়কটির নির্মাণসামগ্রী নাগালের বাইরে থাকায় কাজটি করতে দেরি হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বরাদ্দের অর্থ ছাড় না করায় সড়কটি পড়ে রয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে অর্থ ছাড় না হলে তিনি চুক্তিপত্র বাতিলের প্রস্তুতি নেবেন।এ নিয়ে তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী জনসাধারণের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, তিনি সড়কটি নির্মাণের কাজ শুরু করার জন্য ঠিকাদারকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছেন। তিনি বলেন, ৩০ শতাংশ কাজ না করলে ঠিকাদার টাকা পাবেন না। তিনি শুধু বক্স কাটিং করেছেন। তাতে ওই পরিমাণ কাজ হয়নি।এ ব্যাপারে বিএমডিএর প্রকল্প কর্মকর্তা আবুল কাশেম বলেন, ওই প্রকল্পের অর্থ ছাড় না হওয়ার কারণে অনেক ঠিকাদারের কাজের টাকা বকেয়া রয়েছে। এই ভয়েই ঠিকাদার কাজে হাত দিচ্ছেন না। তিনি বলেন, সমস্যা যেহেতু কর্তৃপক্ষের দিক থেকে, সে জন্য ঠিকাদারকে জরিমানা বা তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়নি। কবে অর্থ ছাড় হবে, এ ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।