সড়কের কাজ শেষ না করে ঠিকাদার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের গোয়ালজানী-সাতারা রাস্তা পাকা করার কাজ সম্পন্ন না করেই ঠিকাদার উধাও হয়ে গেছেন। এ কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী ১৫টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।গোয়ালজানী গ্রামের খলিলুর রহমান বলেন, ‘দেড় বছর আগে ঠিকাদারের লোকজন আইসা রাস্তা খুঁইড়া বালু ও কিছু ইটের খুয়া (খোয়া) ফেইলা গেছে। তারপর রাস্তায় আর কাউকে কাজ করতে দেখা যায়নি। আবার বৃষ্টির পানিত ফেলানো খুয়া-বালু ধইসা গর্ত হইয়া পরিছে। এখন ভ্যানে কইরা মালামাল বাজারে নেওয়ার কোনো উপায় নেই।’ একই ধরনের কথা বলেন শঠিবাড়ী গ্রামের কৃষক আকবর আলী, কল্যাণী গ্রামের আমিনুল ইসলামসহ কয়েকজন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে ৭৫০ মিটার গ্রামীণ ওই সড়ক পাকা করার জন্য প্রায় সাড়ে ২৪ লাখ টাকা বরাদ্দ হয়। কাজটি পান ঠিকাদার গোলাম কিবরিয়া। কার্যাদেশে ২০১১ সালের ৫ জানুয়ারি কাজটি সমাপ্ত করার নির্দেশনা ছিল। উপসহকারী প্রকৌশলী আবু তালিম হোসেনের দেওয়া তথ্যমতে, ঠিকাদার ওই রাস্তায় বক্সকাটিং করাসহ বালু ভরাট ও খোয়া-বালুর মিশ্রণের কিছু কাজ করেছেন।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সুঘাট ইউনিয়নের ওই রাস্তা পাকা করার কাজের অংশ হিসেবে ঠিকাদার যে বালু ও খোয়া ফেলেছিলেন, তা বৃষ্টির পানিতে ধসে পাশের খেতে ও নালায় গিয়ে পড়েছে। অন্তত ১০০টি জায়গায় ভাঙনের কারণে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনোমতে হেঁটে চলা সম্ভব হলেও ভ্যানগাড়ি চলার কোনো উপায় নেই।স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ওই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার বিনোদ-পুর, কল্যাণী, চককল্যাণী, চকগিনি, চকধূলি, সাতারা, শঠিবাড়ী, গোয়াল-জানী, স্বরসহ প্রায় ১৫টি গ্রামের ৫০ হাজারের বেশি লোক চলাচল করে।সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা আমি একাধিকবার উপজেলার সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছি। কাজটি শেষ না হওয়ায় দিনে দিনে জনগণের দুর্ভোগ বেড়েই চলেছে।’আবু তালিম হোসেন বলেন, ‘ঠিকাদার কিছু কাজ করে পাঁচ লাখ টাকা তুলে নিয়েছেন। ওই টাকা তাঁর ব্যয়ের প্রায় সমান। তবে টাকা উত্তোলনের পর তিনি আর কাজে ফিরে আসেননি। ফোন নম্বর না থাকায় আমরা ঠিকাদারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না। এ জন্য ডাকযোগে তাঁর ঠিকানায় আটবার চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।’উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, রাস্তাটি পাকা করার অবশিষ্ট কাজ সম্পন্ন করতে নতুন করে ঠিকাদার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর দ্রুত পাকা করার কাজ শুরু হবে।