সড়কের কাজ শেষ না হতেই পানির তোড়ে ভেঙে গেল!
সুনামগঞ্জ-দোয়ারাবাজার-ছাতক সড়কের কাজ শেষ না হতেই ঢলের পানির তোড়ে সড়কের তিন স্থান ভেঙে গেছে। এলাকাবাসীর অভিযোগ, এসব স্থানে কাজ হয়েছে নিম্নমানের। সড়ক উঁচু করার দাবি থাকলেও সেটি হয়নি। ফলে উদ্বোধনের আগেই কয়েক জায়গা ভেঙে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষজন। সুনামগঞ্জ-দোয়ারাবাজার-ছাতক সড়কের কাজ শেষ হয় গত জুন মাসে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৩ কিলোমিটার সড়ক নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় ৩০ কোটি টাকা। ঠিকাদার পরিবর্তন, কাজ বন্ধ থাকাসহ নানা জটিলতায় দুই বছরের কাজ শেষ হয় ছয় বছরে। তিন উপজেলার যোগযোগ-সুবিধবার জন্য নির্মিত এই সড়কটি উদ্বোধনের আগেই এ অবস্থা হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকা থেকে এই সড়কের কাজ শুরু হয়েছে। শহরের অংশে পিচ ঢালাইয়ের কাজ হয়েছে সব শেষে। কিন্তু এক মাস যেতে না যেতেই পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ষোলঘর থেকে শহরতলির বদিপুর পর্যন্ত অংশে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ প্রায় দুই মাস বন্ধ রাখেন এলাকাবাসী। এর আগে কাজ হয়েছে দোয়ারাবাজার ও ছাতক অংশে। জুলাই মাসের শুরুর দিকে সুনামগঞ্জে বন্যা হলে পানির তোড়ে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায়, একই ইউনিয়নের রাজনপুর গ্রামের পাশে এবং দোহালিয়া বাজারের পাশে প্রায় ১০০ মিটার সড়ক সম্পূর্ণ ভেঙে যায়। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গেছে এবং সড়কের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।রাজনপুর গ্রামের ছরকুম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যখন কাজ করে, আমরা তখনই বলেছিলাম এখানে সড়ক আরও উঁচু করতে হবে। কিন্তু তারা শোনেনি।’ গ্রামের যুবক ইসলাম উদ্দিন বলেন, ‘কাজ ভালো হয়নি। নিম্নমানের বালু-পাথর ব্যবহার করা হয়েছে। এলাকাবাসী প্রতিবাদ করলেও লাভ হয়নি। তখন আমাদের বলা হয়েছে, বেশি কথা বললে নাকি ঠিকাদার কাজই করবে না।’ কাঞ্চনপুর গ্রামের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, যেভাবে কাজ হয়েছে, এই সড়ক বেশি দিন টিকবে না। অথচ এটি জেলা সদরের সঙ্গে দুই উপজেলার যোগাযোগের প্রধান এবং একমাত্র সড়ক। দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, এই সড়ক নির্মাণের জন্য দুটি উপজেলার মানুষ সব সময়ই দাবি জানিয়েছেন। প্রতিশ্রুতি পেয়েছেন। কিন্তু কেউ কথা রাখেনি। অবশেষে বর্তমান সরকার সড়কটি করেছে। কিন্তু এলজিইডির অবহেলা ও গাফিলতির কারণে সড়কের কাজ ঠিকমতো হয়নি।সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরদিন ওই এলাকা পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী। তিনি জানান, সড়কটি নির্মাণের আগে সংশ্লিষ্টরা পরিবেশগত প্রতিক্রিয়া যাচাই-বাছাই না করেই কাজ শেষ করেছেন। এ কারণে এমনটি হতে পারে। সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তামজিদ সরওয়ার গতকাল প্রথম আলোকে জানান, বন্যার পানি সড়কের এক পাশে ছিল বেশি। যে কারণে চাপ বেশি হওয়ায় সড়ক ভেঙেছে। প্রয়োজনে এসব স্থানে কালভার্ট দিয়ে মেরামত করে দেওয়া হবে। তিনি বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। পরিবেশগত প্রতিক্রিয়া যাচাই-বাছাই করেই কাজ করা হয়েছে।