সড়কের কাজে শর্ত না মানার অভিযোগ
হবিগঞ্জ শহরের প্রধান রাস্তা প্রশস্তকরণের কাজে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদার দরপত্রের শর্ত ভেঙে কাজ করছেন। এতে কাজ নিম্নমানের হওয়ায় সড়কটির স্থায়ীত্ব কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ হবিগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের চার কিলোমিটার প্রশস্তকরণের দরপত্র ২০০৯ সালের জুন মাসে আহ্বান করা হয়। ঢাকার রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান এ কাজ পায়। সওজ সূত্রে আরও জানা গেছে, দরপত্রের শর্ত পূরণ করতে গিয়ে খরচ বেড়ে যাওয়ায় এই কাজের জন্য ৭০ লাখ টাকার পরিবর্তে ৮২ লাখ টাকা বরাদ্দ করা হয়। একই বছরের ২০ অক্টোবর কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের সময় থেকে ৯০ দিনের মধ্য কাজ শেষ করার শর্ত ছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার চলতি বছরের মে মাসের প্রথম দিকে সড়কের কাজ শুরু করেছে। নাম প্রকাশ না করার শর্তে সওজের একজন ঠিকাদার অভিযোগ করেন, ‘রানা ইন্টারন্যাশনালকে ১২ লাখ টাকা বেশি দিয়ে কাজ দেওয়া হয় দরপত্রের শর্ত পূরণের জন্য। অথচ তারা কাজ পেয়ে দরপত্রের সব শর্ত ভেঙে কাজ করছে।’রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্সের স্বত্বাধিকারী এম আলম জনান, পেপার মেশিনের (টেনডেম রোলার) কাজ ভালো হয় না। এ কারণে সাধারণ পদ্ধতিতে কাজ হচ্ছে। তিনি আরও দাবি করেন, দরপত্রের কোনো শর্ত ভঙ্গ করা হয়নি। সওজের হবিগঞ্জ কার্যালয়ের নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী কাজ না হলে ঠিকাদার যত প্রভাবশালী হোন না কেন তার কাজ বন্ধ করে দেওয়া হবে।