ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় যেতে ২ নম্বর সিঅ্যান্ডবি-কেওয়া সড়ক হয়ে যেতে হয়। সড়কটি তিন কিলোমিটারের। দুই কিলোমিটারের সংস্কার করা হয়েছে। এক কিলোমিটার এখনো বেহাল। এতে শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার এই সড়কটি কাঁচা ছিল। ২০১৬ সালের মধ্যভাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটির তিন কিলোমিটারের মধ্যে কেওয়া বাজার থেকে দুই কিলোমিটার কার্পেটিং করে। বাকি এক কিলোমিটার অংশ পৌরসভা কর্তৃপক্ষ ইট বিছিয়ে উন্নয়ন করে। সড়কটির পানিনিষ্কাশন–ব্যবস্থা না থাকায় ইট দেবে গিয়ে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট উঠে মাটি বের হয়ে গেছে। ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের ভেতরের অংশের পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
একটু বৃষ্টি হলেই সড়কটির প্রায় ৩০০ মিটার এলাকা কাদা আর ময়লা পানিতে ভরে যায়। সড়কটির ভাঙা অংশের আশপাশে আছে আবাসিক এলাকা। এখানে আছে দুটি স্কুল, একটি কলেজ, দুটি মাদ্রাসা।
এলাকার বিভিন্ন কলকারখানার শ্রমিক ও সাধারণ যানবাহনগুলো নিয়মিত যাতায়াত করে এই সড়কে।
গত সোমবার বেলা ১১টায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে গিয়ে দেখা যায়, সড়কে পানি জমে আছে। ময়লাযুক্ত পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কথা হয় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারের ওষুধ ব্যবসায়ী সুমনের সঙ্গে। তিনি জানান, এই সড়কটি এখনো ঠিক করা হয়নি। একটু বৃষ্টি হলেই পানি আর কাদায় মাখামাখি অবস্থা হয়। ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, এই রাস্তাটুকুর আশপাশের স্কুলে শিক্ষার্থীরা প্রতিদিন কাদা মাড়িয়ে যাতায়াত করে। বৃষ্টি হলে শিক্ষার্থীদের স্যান্ডেল পরে আসতে হয়।
শ্রীপুর পৌরসভার প্রকৌশলী লিয়াকত আলী মোল্লাহ বলেন, রাস্তাটি পৌরসভার হলেও এর একটি অংশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পিচঢালাই দিয়েছে। বাকি অংশ পৌরসভার খরচে সংস্কার করা হবে। এ মুহূর্তে অর্থসংকট থাকায় কাজটিতে হাত দেওয়া যাচ্ছে না।
উপজেলা নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন প্রথম আলোকে বলেন, বরাদ্দ না থাকায় সড়কটির পুরো অংশে কাজ করা যায়নি। পরবর্তী সময়ে বরাদ্দ এলে প্রস্তাব অনুযায়ী সড়কটিতে কাজ করা হবে।
পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, এই রাস্তাটির উন্নয়নে খুব শিগগির যেন কাজ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।