সড়কের কালভার্টে গর্ত, বাস চলাচল বন্ধ
কুমিল্লার হোমনা-কাশীপুর সড়কের মিরশ্বিকারী বাজারসংলগ্ন কালভার্টের ওপর গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুই বছর ধরে এর ওপর দিয়ে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। তবে শিগগিরই সংস্কার না করলে ছোট যানবাহনও আর চলাচল করতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিরশ্বিকারী বাজারসংলগ্ন এলাকায় চার দশক আগে একটি কালভার্ট নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় কালভার্টের এক পাশে দুই বছর আগে গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুই বছর ধরে হোমনার কাশীপুরের সঙ্গে ঢাকা ও কুমিল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
হোমনা-কাশীপুর সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার চালক ইমরান হোসেন ও সিএনজিচালিত অটোরিকশার চালক শহীদ উল্লাহ বলেন, ঝুঁকি নিয়ে কালভার্ট পার হতে হয়। তা ছাড়া সেতুর ভাঙা অংশে পড়ে যানবাহন বিকল হচ্ছে ও উল্টে যাচ্ছে।
হোমনার ঘারমোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হানিফ মিয়া ও মিরশ্বিকারী গ্রামের ব্যবসায়ী ফরিদ মিয়া বলেন, আগে কাশীপুর থেকে ঢাকা ও কুমিল্লায় মালামাল নিয়ে সরাসরি আসা-যাওয়া করা যেত। কিন্তু বর্তমানে কালভার্ট ভাঙা থাকায় মালামাল নিয়ে আসা-যাওয়া করতে তাঁদের অসুবিধা ও বেশি টাকা ব্যয় করতে হচ্ছে।
ঢাকা-হোমনা সড়কের বাসের চালক আবুল কালাম বলেন, ‘কালভার্টে গর্ত হওয়ায় আমরা দুই বছর ধরে বাস নিয়ে কাশীপুর যেতে পারি না। এই কালভার্টের পাশাপাশি হোমনা পূর্বপাড়ার দুটি ও হাতিরখালের বেইলি সেতুটিও নতুন করে নির্মাণ করা দরকার।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক বলেন, সওজ গর্তে স্টিলের পাটাতন ও কাঠ বিছিয়ে কালভার্টের ওপর দিয়ে যানবাহন চলাচল চালু রেখেছে। কালভার্টটি ঢাকা-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্যে পড়েছে। কিছুদিন আগে ওই সড়ক সংস্কারের জন্য সওজের প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ওই প্রস্তাব অনুমোদন হলে সড়ক সংস্কারের সময় কালভার্টটিও সংস্কার করা হবে।