বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের সাড়ে আট কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। প্রায়ই এসব গর্তে যাত্রীবাহী বাস আটকে যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রী ও ট্রাকচালকেরা সীমাহীন দুর্ভোগ পোহান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি প্রকল্পের আওতায় গত মে মাসে সড়কের এই অংশের নির্মাণের কার্যাদেশ হয়েছে। কিন্তু ঠিকাদার অর্থাভাবে কাজ শুরু করতে পারেননি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, আশি ও নব্বইয়ের দশকে কয়েক দফায় বিভিন্ন জেলায় চলাচলের জন্য ভোলা শহর থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। ২০০০-০১ অর্থবছরে ভোলা-বরিশাল এবং ২০০৮-০৯ অর্থবছরে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়। এ দুটি নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ার পর উল্লিখিত সড়কের সাড়ে আট কিলোমিটার বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়।আগে সড়কের এই অংশ রিকশা ও হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিল। মহাসড়কের অংশ হওয়ার পর এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হয়। এতে সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঝেমধ্যে সংস্কার ও পাশ বাড়ানো ছাড়া এই অংশে বড় কোনো উন্নয়ন হয়নি। এই সড়ক দিয়ে প্রতিদিন সহস্রাধিক যানবাহন চলাচল করে। গতকাল সোম ও রোববার সরেজমিনে দেখা গেছে, ভোলার পরানগঞ্জ বাজারের উত্তর পাশে গুপ্তমুন্সি এলাকা থেকে ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাট পর্যন্ত কয়েক শ যাত্রীবাহী বাস ও ট্রাক আটকে আছে। রোববার ভোরবেলা পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকার সড়কের একটি বড় খাদে একটি ট্রাকের পেছনের চাকা আটকে গেলে যানজট সৃষ্টি হয়। আট ঘণ্টা চেষ্টা করে ওই ট্রাক উঠালে যানজট দূর হয়। গতকাল সোমবার সকালে পূর্ব ইলিশার চেয়ারম্যানের বাড়ির সামনে মুরাদ সফুল্লাহ এলাকায় বড় গর্তে পড়ে একটি ট্রাক ও বিআরটিসির বাসের যন্ত্রাংশ ভেঙে যায়। এতে দুপুর দুইটা পর্যন্ত ওই রুটে সব যান চলাচল বন্ধ ছিল।এই অংশ দিয়ে নিয়মিত বাসে যাতায়াত করেন ইলিশা ইসলামিয়া কলেজের প্রভাষক জুন্নু রায়হান। তিনি জানান, গত ১০-১২ বছর ধরে সড়কের অবস্থা এত খারাপ যে বাসে চড়লে বুকের খাঁচা ব্যথা হয়ে যায়। ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ বলেন, মহাসড়কটির দুরবস্থার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা হচ্ছে। রিকশাসহ ছোট যান চলাচলের জন্য এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। এখন এটি ভেঙে ভারী যানবাহন চলার উপযোগী সড়ক নির্মাণ করা উচিত। সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার সাহা বলেন, এই মহাসড়কের ভোলা অংশের অনেক এলাকা ভেঙে তুলে ফেলে নতুন করে নির্মাণ করা উচিত। সওজের বরিশাল কার্যালয় মে মাসে জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় সাড়ে আট কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। কাজ পেয়েছে ওরিয়েন্টাল ট্রেডিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার অর্থাভাবে কাজ শুরু করতে পারেননি। এ সমস্যা সমাধানের জন্য ইট-বালু দিয়ে অস্থায়ীভাবে সড়ক মেরামতের কাজ করা হচ্ছে।