সড়কের গাছ আত্মসাতের চেষ্টার অভিযোগ
চুয়াডাঙ্গার জীবননগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমানের বিরুদ্ধে সড়কের গাছ অবৈধভাবে কাটিয়ে টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আকতার গত বুধবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগে এ ঘটনার তদন্ত দাবি করেছেন। তবে ইউএনও অভিযোগ অস্বীকার করেছেন।অভিযোগে বলা হয়েছে, উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া-দত্তনগর সড়কের দুই পাশে ২৪ বছর আগে উপজেলা পরিষদ বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। ইউএনও গত ২১ ফেব্রুয়ারি আসবাব ব্যবসায়ী আনিসুর রহমানকে দিয়ে ওই সড়কের প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ৪০টি গাছ কাটান। ব্যক্তিগত আসবাব বানানোর জন্য ইউএনও লক্ষাধিক টাকা মূল্যের শিশুগাছ নিপা ফার্নিচার নামে একটি আসবাবের দোকানে এবং ৭০-৮০টি গুঁড়ি উপজেলা পরিষদ চত্বরে রেখেছেন। উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি অনুমোদন নিয়ে গাছ কাটার নিয়ম থাকলেও এই কমিটির সভাপতি হয়েও তিনি (ফারহানা) কিছুই জানেন না। বৃহস্পতিবার ওই এলাকায় গেলে পাথিলা গ্রামের সাইদুর রহমান জানান, প্রকাশ্যেই ওই ৪০টি গাছ কাটা হয়। আনিসুর রহমান ও সাবেক ইউপি সদস্য সুটিয়া গ্রামের রহমানের তদারকিতে একদল শ্রমিক গাছগুলো কাটেন। রহমান দাবি করেন তিনি ইউএনওর নির্দেশ বাস্তবায়ন করেছেন মাত্র।আনিসুর রহমান জানান, ১২ হাজার টাকা চুক্তিতে তাঁর নিযুক্ত শ্রমিকেরা গাছগুলো কেটেছেন। শিশুগাছের ছয়টি গুঁড়ি (৬৫ ঘনফুট) নিপা ফার্নিচারে এবং বাকিটা উপজেলা পরিষদ চত্বরে পাঠিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মিয়া বলেন, প্রকাশ্যে গাছ কাটার খবর পেয়ে তিনি ওসিকে জানান। ওসির নির্দেশে একজন দারোগা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তবে উপজেলা পরিষদের সিদ্ধান্তে গাছ কাটা হচ্ছে মর্মে ইউএনও ওসিকে ভুল বোঝালে পুলিশ ফিরে যায়।উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা বলেন, অসৎ উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়নি। বেশ কিছুদিন ধরে গাছ চুরি বেড়ে যাওয়ায় ইউএনও আলোচনা করেই শ্রমিক দিয়ে গাছ কেটে উপজেলা পরিষদ চত্বরে জমা রেখেছেন, যা নিলামে বিক্রি করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে টাকা বণ্টন করা হবে। ইউএনওর ব্যক্তিগত আসবাবের জন্য কাঠ নেওয়ার বিষয়টি জানা নেই।ইউএনও সাজেদুর রহমান বলেন, ‘গাছ চুরি ঠেকাতে না পেরে উপজেলা চেয়ারম্যানের পরামর্শক্রমে কিছু ঝরে পড়া ও আগামরা গাছ কাটা হয়। যার ৭৭টি গুঁড়ি পরিষদ চত্বরে ও ছয়টি নিপা ফার্নিচারে রয়েছে।’ তিনি দাবি করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা নিজে একটি শিশুগাছ চেয়ে না পেয়ে মিথ্যাচারে নেমেছেন।