সড়কের গাছ কাটা নিয়ে পাল্টাপাল্টি দাবি

বরিশাল-ঢাকা মহাসড়কে সিটি করপোরেশনের সীমান্তে গড়িয়ারপাড় এলাকায় সিট গেট নির্মাণের কাজ চলছে। এ জন্য সেখানে সড়কের পাশে থাকা দুটি মেহগনি, একটি রেইনট্রি ও দুটি চম্বলগাছ কাটা হবে। ইতিমধ্যে গাছগুলোর শাখা কেটে ফেলা হয়েছে।
গাছ কাটার জন্য সড়ক ও জনপথ এবং বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, তারা দুই দপ্তরেই লিখিত অনুমতি চেয়েছে। কিন্তু অনুমতি মেলেনি।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. মামুন অর রশীদ বলেন, গত বছরের জুন-আগস্টে সড়ক ও জনপথ এবং বন বিভাগের কাছে গাছ কাটার জন্য লিখিত অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু কোনো দপ্তরই অনুমোদন দেয়নি। অথচ কাজ করতে সড়কের পাশে থাকা বেশ কিছু গাছ কাটতেই হবে।
একই কথা বললেন ঠিকাদার মো. সাহিন সিকদারও। তিনি বলেন, ‘সিটি গেট নির্মাণ করতে গিয়ে কয়েকটি গাছ কাটা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। আমি বলেছি, গাছ কেটে তাদের কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে।’
তবে বন বিভাগের কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস দাবি করেন, সিটি করপোরেশন থেকে কিছুদিন আগে পার্কের ভেতর গাছ কাটার বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু কোনো সড়কের গাছ কাটার ব্যাপারে কোনো অনুমতি চাওয়া হয়নি।