সড়কের গাছ কাটার সময় নেতা আটক পরে মুক্ত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর সড়ক থেকে গত শুক্রবার রাতে গাছ কাটার সময় এক আওয়ামী লীগ নেতাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। মাধবপুর থানার টহল পুলিশ পরে তাঁদের কয়েকজন আওয়ামী লীগ নেতার জিমঞ্চায় ছেড়ে দেয়।
আটককৃতরা হলেন, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসু মিয়া ও তাঁর সহযোগী সফু মিয়া। শামসু মিয়ার বাড়ি ওই ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে।
এলাকার কয়েক ব্যক্তি ও পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে শামসু ও সফু হরষপুর-ধর্মঘর সড়কের কালীর বাজারের কাছে সামাজিক বনায়নের একটি বড় কড়ইগাছ করাত দিয়ে কেটে ফেলেন। এ সময় মাধবপুর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নেয়। পরদিন (গতকাল শনিবার) সকালে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূর মিয়াসহ কয়েকজন আওয়ামী লীগের নেতার জিমঞ্চায় ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ভেবেছিলাম ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে দেখি অন্য ঘটনা। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামাল ঘটনার ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন।’
এসআই কামাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছিল। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি মীমাংসা করে তাঁদের ছাড়িয়ে নেন।
শামসু মিয়া গাছ কাটার কথা স্বীকার করে বলেন, পাচারের উদ্দেশে নয়, ওই ইউনিয়নের আহমদপুর উচ্চবিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য গাছটি কাটা হয়েছে।