সড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মদদে সরকারি সড়কের পাশের নয়টি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তবে সংশিষ্ট ইউপি চেয়ারম্যান তাঁর যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেছেন, গাছগুলো জব্দ করার উদ্যোগ নেওয়া হয়েছে।এলাকাবাসী জানান, গত ২৫ ডিসেম্বর থেকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন মমিনখার হাট-কামারডাঙ্গি সড়কের দেলনমলিকেরডাঙ্গি এলাকায় এ গাছ কাটা শুরু হয়। কর্তৃপক্ষের কোনো অনুমোদন না নিয়েই স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তুহীনুর রহমানের নির্দেশেই ওই নয়টি গাছ কেটে নেন একই এলাকার আবদুল মলিক, নুরু মলিক ও বলাই মলিক। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে নয়টি মূল্যবান সরকারি গাছ ইতিমধ্যেই গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এর মধ্যে আটটি রেন্ডি কড়ই ও একটি শিমুল গাছ রয়েছে। গাছগুলো ছোট ছোট করে টুকরো করে নছিমনে করে করাতকলে নিয়ে গেছেন স্থানীয় গাছ ব্যবসায়ী ইসহাক খাঁ। তিনি দাবি করেন, তিনি আবদুল মলিকের কাছ থেকে পাঁচটি গাছ ৩২ হাজার টাকায় কিনেছেন। গাছ কাটার কথা স্বীকার করে আবদুল মলিক বলেন, ‘এ গাছগুলো আমাদের পূর্বপুরুষ লাগিয়েছেন। তাই ইউপি চেয়ারম্যানকে জানিয়ে আমরা গাছগুলি কেটে নিয়েছি।’ ইউপি সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘আমি এলাকার মেম্বার হলেও দেলনমলিকেরডাঙ্গি এলাকায় অনেক দিন যাই না। তাই কে বা কারা গাছ কেটে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ তুহীনুর রহমান বলেন, ‘আমি গতকালই (বুধবার) বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য ও তহশিলদারকে ওই এলাকায় পাঠিয়েছি গাছগুলি জব্দ করে ইউপি ভবনে নিয়ে আসার জন্য।’ ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, সরকারি সড়কের গাছ কাটার অধিকার কারও নেই। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।