সড়কের গাছ কেটে বিক্রি করছে ওয়াসা!
চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চিনয়াহাট এলাকায় কাপ্তাই সড়কের দুপাশে বেড়ে ওঠা ১৭টি রেইনট্রি গাছের ডালপালা কেটে বিক্রি করছে ওয়াসা। গত ১৫ দিনে ১০ লাখ টাকার গাছ কেটে বিক্রি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পানি সরবরাহের জন্য কাপ্তাই সড়ক কেটে পাইপলাইন স্থাপন করছে। পাইপলাইন স্থাপনকাজের সুবিধার অজুহাতে চলতি মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে রাউজান উপজেলার গশ্চিনয়াহাট এলাকায় বেড়ে ওঠা ১৭টি রেইনট্রি গাছের ডালপালা কেটে বিক্রি করে হচ্ছে।গশ্চিনয়াহাটের প্রবীণ ব্যবসায়ী হারুনুর রশিদ (৭১) জানান, ১৯৬৫ সালে কাপ্তাই সড়কের দুপাশে অনেক রেইনট্রি গাছের চারা রোপণ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর মধ্যে গশ্চিনয়াহাট এলাকায় ১৭টি রেইনট্রি গাছ বেড়ে ওঠে। এসব গাছের প্রতিটির বাজারমূল্য দুই লাখ টাকারও বেশি হবে। যার ডালপালা কেটে বিক্রি করছে ওয়াসা।স্থানীয় গাছ ব্যবসায়ী ফজলুল করিম জানান, কাটা গাছগুলো নামে ডালপালা হলেও গাছের চেয়েও অনেক বড়। এর মধ্যে সর্বোচ্চ ২৪ ফুট বেড়ের (প্রস্থ) ডালও রয়েছে। তিনি গত ১৫ দিনে চার লাখ টাকার গাছ কিনেছেন বলে জানান। আরও সাত-আটজন ক্রেতা ছয়-সাত লাখ টাকার গাছ কিনেছেন বলে জানান তিনি।কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুল করিম জানান, কাপ্তাই সড়কের অক্সিজেন রাস্তার মাথা থেকে সড়কে পাইপলাইন স্থাপন করছে ওয়াসা। কিন্তু গশ্চিনয়াহাট এলাকায় বেড়ে ওঠা ১৭টি রেইনট্রি গাছের ডালপালার জন্য খননযন্ত্রগুলো চালানো যাচ্ছে না। ফলে গাছের ডালপালা কেটে দেওয়া হচ্ছে। যা স্থানীয় লোকজন নিয়ে গেছে। সওজ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান বলেন, গাছগুলো সওজের। গাছের কারণে কাজ করতে না পারলে সওজ গাছগুলো কেটে নিয়ে যেত। সওজকে না বলে গাছ কেটে বিক্রি করা ওয়াসার উচিত হয়নি। বিষয়টি তিনি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন বলে জানান। সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সড়কের গাছ কাটার অনুমোদন নেই ওয়াসার। না জানিয়ে গাছ কাটার বিষয়ে ওয়াসাকে চিঠি দেওয়া হবে।