সড়কের গাছ সাবাড় করছে চোরেরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার তিনটি সড়কের পাশে লাগানো গাছ কেটে সাবাড় করছে চোরের দল। খোঁজ নিয়ে জানা গেছে, ১২ বছর আগে এলজিইডির অধীনে বামনদিঘী-ডাংগীরহাট সাত কিলোমিটার সড়কে, ১০ বছর আগে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার চিকলীর বাজার থেকে সলেয়াশা বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার ও ২০ বছর আগে তারাগঞ্জ-ধোলাইঘাট সাত কিলোমিটার সড়কের দুই পাশে লাগানো হয় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ। কয়েক বছর ধরে চোরেরা এগুলো কেটে সাবাড় করছে। গত শুক্রবার রাতে চোরেরা তারাগঞ্জ-ধোলাইঘাট সড়কের দর্জিপাড়ার মোড়ে একটি গাছ কেটে নিয়ে গেছে বলে স্থানীয় লোকজন জানান।ইকরচালী ইউপির সদস্য কামরুজ্জামান মিলন বলেন, কয়েক দিন আগে বামনদীঘি-ডাংগীরহাট সড়কের বামনদিঘী থেকে চারটি গাছ কেটে ফেলে চোরেরা। গাছগুলো পরে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। জগদীশপুর গ্রামের মোফাজ্জল হোসেন বলেন, সড়কগুলোর পাশে তেমন বাড়ি-ঘর না থাকায় যে যেভাবে পারছে গাছ কেটে নিয়ে যাচ্ছে। ধোলাইঘাট গ্রামের মিজানুর রহমান বলেন, যারা গাছগুলো লাগিয়েছে তারা কোনো ব্যবস্থা নেয় না। তারা প্রতিবাদ করলে চোরেরা হুমকি দেয়। দোলাপাড়া গ্রামের আব্দুর রশিদ বলেন, প্রথমে গাছের দু-একটা ডাল কেটে ফেলা হয়, তারপর ভোরে-সন্ধ্যায় গাছের গুঁড়িতে চালানো হয় করাত। সূর্য ওঠার আগেই গাছটি হয়ে যায় কয়েক টুকরা। টুকরাগুলো চালান করে দেওয়া হয় মহাসড়কের আশপাশে গড়ে ওঠা করাতকলগুলোতে। তারাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম বলেন, আগামী মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তোলা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিয়া ফেরদৌস জাহান বলেন, রাস্তার গাছ কাটার কোনো অভিযোগ তিনি পাননি। যোগাযোগ করা হলে রংপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।