সড়কের চিত্র পাল্টে গেছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর মোড় এবং মদনপুর-জয়দেবপুর ঢাকা বাইপাস সড়কের চিত্র বদলে গেছে। গতকাল সোমবার এসব সড়কে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মী পরিচয়ে কাউকে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে দেখা যায়নি। চাঁদাবাজি না থাকায় মহাসড়কে ছিল না কোনো যানজট। চাঁদাবাজির সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের শাস্তির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার।গতকাল শিমরাইল মোড়ে গিয়ে দেখা গেছে, সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন। কোনো যানবাহন থামিয়ে পুলিশ বা ক্ষমতাসীন দলের কাউকে চাঁদাবাজি করতে দেখা যায়নি। চাঁদাবাজি না থাকার কারণে মহাসড়কে তেমন যানজট চোখে পড়েনি।ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের চালক ইজ্জত আলী বলেন, ‘দীর্ঘদিন পর এ স্থানে এ রকম দৃশ্য দেখলাম, এ রকম সারা বছর হলে ভালো হতো। পুলিশ ইচ্ছা করলে সবই পারে, তার প্রমাণ আজ পেলাম।’জানা গেছে, সকাল থেকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) এস এম আশরাফুল আলম এবং পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে চাঁদাবাজির সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের কর্মীদের চিহ্নিত করার কাজ করেন।