সড়কের ছয় স্থানে ভাঙন যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের চৌধুরীহাট-কচুখাইন সড়কের ছয় স্থান ভেঙে গেছে। ভাঙা রাস্তা পার হতে সড়কের পূর্ব কচুখাইন এলাকায় দেওয়া হয়েছে বাঁশের সাঁকো। গত বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাউজানের চৌধুরীহাট-কচুখাইন সড়কের ছয় স্থান ভেঙে গেছে। ভাঙা রাস্তা পার হতে সড়কের পূর্ব কচুখাইন এলাকায় দেওয়া হয়েছে বাঁশের সাঁকো। গত বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট-কচুখাইন সড়কের ছয়টি স্থানে ভেঙে গেছে। এতে গত এক মাস ধরে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভেঙে যাওয়া ছাড়াও তিন কিলোমিটার দৈর্ঘ্যের পাকা সড়কটিতে পিচঢালাই উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, চৌধুরীহাট থেকে কচুখাইন পর্যন্ত এ সড়ক দিয়ে চৌধুরীহাট, দক্ষিণ নোয়াপাড়া, পূর্ব কচুখাইন, পশ্চিম কচুখাইন, মধ্যমপাড়া, খন্দকার পাড়াসহ ১২ গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীকে প্রতিদিন হেঁটে চলাচল করতে হচ্ছে। ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে সড়কের ভাঙা অংশগুলো।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দক্ষিণ নোয়াপাড়া, খায়রাতী সওদাগরের বাড়ী ও পূর্ব কচুখাইন গ্রামের ছয়টি স্থানে ১০ থেকে ২০ ফুট পর্যন্ত ভেঙে দুপাশের ধানি জমির সঙ্গে মিশে গেছে। পূর্ব কচুখাইনে স্থানীয়রা বাঁশের সাঁকো বসিয়ে ভাঙা সড়ক পার হচ্ছেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে বাসিন্দাদের।

পূর্ব কচুখাইন এলাকায় শিশু সন্তানকে কোলে নিয়ে সাঁকো পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা রোকসানা আকতার। তিনি প্রথম আলোকে বলেন, রাস্তা ভেঙে যাওয়ায় খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হচ্ছেন না তাঁরা। সন্তান অসুস্থ থাকায় পুরো পথ হেঁটে নোয়াপাড়া পথেরহাটে চিকিৎসকের কাছে আসা যাওয়া করতে হয়েছে। 

কোরবান আলী নামের আরেক বাসিন্দা বলেন, এই সড়ক দিয়ে কোরবানি ঈদের জন্য পশু কিনে বাড়ি ফেরাটা কষ্টকর হয়ে পড়বে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইউছুপ প্রথম আলোকে বলেন, গত ঈদুল ফিতরের পর থেকেই বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল হয়ে পড়েছে। এখনো পর্যন্ত সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। নিজ উদ্যোগ কয়েকটি জায়গায় অস্থায়ী মেরামতের চেষ্টা করেছিলেন, কিন্তু পানির স্রোতে তা ভেঙ্গে গেছে।

রাউজান উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন  প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।