সড়কের জন্য তিন গ্রামের মানুষের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রাম দক্ষিণ গোলাবাড়ির চাকমাপাড়া, কমুদরঞ্জন কার্বারিপাড়া ও ফুটবিল। পাশাপাশি এ তিন গ্রামে ৮০০ লোকের বসবাস। জেলা শহরের কেন্দ্রস্থল পৌর সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরের এসব গ্রামের মানুষগুলো যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে যুগ যুগ ধরে। তাদের দুঃখ-দুর্দশার খবর কেউ রাখে না। এ নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রামবাসীর মনে।

দক্ষিণ গোলাবাড়ি চাকমাপাড়ার বাসিন্দা চিকিৎসক নবধ্বজ চাকমা আক্ষেপ করে বলেন, ‘পৌর এলাকার বাসিন্দা হলেও আমাদের গ্রামে ন্যূনতম নাগরিক সুবিধা নেই। পৌর কর্তৃপক্ষ কর আদায় করলেও এলাকার উন্নয়নে কোনো নজর নেই। শুধু ভোটের আগে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে এলাকাবাসীর কদর বাড়ে। নির্বাচনের পর আমাদের সুখ-দুঃখের খবর কেউ নেয় না।’

নবধ্বজ চাকমা বলেন, ‘এলাকার যোগাযোগব্যবস্থা অত্যন্ত শোচনীয়। ধানি জমির আইলের ওপর দিয়ে পৌর সদরে যাতায়াত করতে হয়। এলাকায় একটি রাস্তা করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে জানাতে হয়রান হয়ে গিয়েছি। শুধু আশ্বাস শুনি। বাস্তবে রাস্তা আর হয় না।’

ফুটবিল এলাকার বাসিন্দারা জানান, একসময় এলাকার পাশ দিয়ে ছিল খাগড়াছড়ি-মহালছড়ি-রাঙামাটি সড়ক। খাগড়াছড়ি সদরের বটতলী এলাকায় চেঙ্গী নদীর ভাঙনের কারণে সড়কটি পরিত্যক্ত হয়ে পড়ে। নদীভাঙনের কবল থেকে রক্ষা করে সড়কটি চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে এলাকার বাসিন্দারা ধানি জমির আইলের ওপর দিয়ে চলাফেরা করে। বিশেষ করে বর্ষায় কাদামাটি পেরিয়ে পার্শ্ববর্তী বিদ্যালয়ে যাতায়াতে শিশু-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকায় বিদ্যালয় থাকলে অন্তত শিশুরা দুর্ভোগ থেকে রক্ষা পেত। গ্রামের বাসিন্দা হিরা লাল চাকমা (৪২) বলেন, ‘ধানি জমির আইলের ওপর দিয়ে বর্ষায় যাতায়াতে কি যে কষ্ট তা না দেখলে বোঝা যাবে না। গুরুতর অসুস্থ রোগীকে কাঁধে করে শহরে নিতে হয়। অতিবৃষ্টি বা বন্যার সময় অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে।’ একই রকম অভিযোগ করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ছাত্রী জড়িতা চাকমা।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল হক তিনটি গ্রামের চলাচলে মানুষের ভোগান্তির কথা স্বীকার করেন। তিনি জানান, গত অর্থবছরে (২০১২-১৩) এলাকায় সড়ক নির্মাণের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাত লাখ টাকা বরাদ্দ দেয়। এ টাকা দিয়ে ৪০০ ফুট মাটি ভরাট ও ২৫০ ফুট ইট বিছানো হয়েছে। চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে আরও ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই টাকা দিয়ে সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দরপত্র আহ্বানের পর সম্পূর্ণ সড়কটি নির্মাণ করা হবে। এতে মানুষের দুর্ভোগ অনেকটা কমবে।