যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও স্থাপনা অসহনীয় যানজটের মূল কারণ। বিশেষ করে রাজধানীর প্রবেশপথগুলো দখল হয়ে থাকলে যানজট নিরসন করা সম্ভব নয়। তাই অচিরেই এসব সড়ক ও সরকারি জমি উদ্ধারে অভিযান চালানো হবে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ডসহ ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর, উলাইল এবং গেন্ডা এলাকার বিরাট অংশে কাঁচা বাজার বসিয়ে দখল করা হয়েছে। এসব বাজারের কারণে হাজার হাজার মানুষ কষ্ট পাবেন তা মেনে নেওয়া যায় না। মাইকযোগে প্রচার চালিয়ে তাঁদের সতর্ক করে দেওয়া হবে; যাতে তাঁরা সেচ্ছায় এসব বাজার এবং স্থাপনা সরিয়ে ফেলতে পারেন। এতে কাজ না হলে দখল এলাকার ১৫ ফুট পর্যন্ত উদ্ধারে শিগগিরই অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে পুরো জায়গা উদ্ধার করা হবে।
হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ও সড়কসংলগ্ন এলাকার সরকারি জমিতে গড়ে ওঠা বাজারে অন্তত পাঁচ শ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এসব দোকান থেকে মুকুল নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা প্রতিদিন কমপক্ষে ৮৫ হাজার টাকা চাঁদা আদায় করে থাকেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এই টাকা সাভার থানার পুলিশসহ ক্ষমতাসীন দলের নেতাদের পকেটে যায় বলে অভিযোগ রয়েছে।
মন্ত্রী পরিদর্শনে আসার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে সবজি ব্যবসায়ী কাফায়াত উল্লাহ বলেন, প্রতিদিন তাঁর কাছ থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করেন মুকুল। ফল ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, তাঁকেও প্রতিদিন ১৫০ টাকা চাঁদা দিতে হয়। ব্যবসায়ীরা যখন এসব অভিযোগ করছিলেন তখন সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলীও উপস্থিত ছিলেন।
বাজার বসিয়ে সরকারি দলের নেতা-কর্মী এবং প্রভাবশালী ব্যক্তিদের চাঁদা আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যোগাযোগমন্ত্রী বলেন, যত বড় প্রভাবশালীই হোক না কেন রাস্তা দখল করে বাজার বসিয়ে জনজীবনে অচলাবস্থা সৃষ্টির অধিকার কারও নেই। তাঁরা যত শক্তিশালীই হোক না কেন তাঁদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। তাঁদের এখান থেকে বিতাড়িত করতে হবে।
মন্ত্রী তাৎক্ষণিকভাবে চাঁদাবাজির সঙ্গে যুক্ত মুকুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। একই সময়ে তিনি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধেরও নির্দেশ দেন পুলিশকে।