সড়কের জমি দখল করে বিএডিসির স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়কের জমি অবৈধভাবে দখল করে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) পক্ষ থেকে একটি চাতাল নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদের জমিতে আরসিসি পিলার বসিয়ে পাকা স্থাপনা নির্মাণ করায় প্রায় ৬০ ফুট চওড়া ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জায়গা সংকুচিত হয়ে ২৫-৩০ ফুটে এসে ঠেকেছে। পীরগঞ্জ বিএডিসি বলছে, উপজেলা পরিষদের প্রাচীর দেখে তারা সেই বরাবর স্থাপনা নির্মাণ করেছেন। জেলা পরিষদ বলছে, কাজ বন্ধ করা হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় লোকজন জানান, পীরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলা পরিষদের মাঝামাঝি স্থানে সড়কটি অবস্থিত। উপজেলা পরিষদের সীমানা-প্রাচীরের উত্তরে পীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে রয়েছে বিএডিসির বীজের গুদাম এবং সহকারী পরিচালকের কার্যালয়। চাষিদের বীজ শুকানোর জন্য ওই চত্বরেই বহু আগে একটি চাতাল করে দেওয়া হয়। এখন সেটিই সম্প্রসারণ করা হয়েছে। ঠাকুরগাঁও বিএডিসির উপপরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে প্রায় চার লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও বিএডিসির বীজ উৎপাদন পীরগঞ্জ ইউনিট কার্যালয়-সংলগ্ন স্থানে প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট দুটি ‘সানিং ফ্লোর ও বাউন্ডারি ওয়াল’ নির্মাণ করে বিএডিসি। সরেজমিনে দেখা গেছে, বিএডিসি তাদের নিজস্ব জমি ছাড়িয়ে জেলা পরিষদের রাস্তার ২০-২২ ফুট জমি দখল করে তার ওপর আরসিসি পিলার স্থাপন করে চাতাল নির্মাণ করেছে। পীরগঞ্জ সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহাবুব আলম, ছাত্রী সুমী আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি রাস্তার জমি দখল করে বিএডিসির মতো সরকারি একটি প্রতিষ্ঠান পাকা স্থাপনা নির্মাণ করেছে—এটা হাস্যকর। রাস্তার পাশের জায়গা কমে গেছে, আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল বলেন, ‘জেলা পরিষদের রাস্তার জায়গায় বিএডিসি পাকা স্থাপনা নির্মাণকাজ শুরু করার কথা জানতে পেরে আমি গত মাসেই ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’ বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মো. মোসাব্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদের সীমানা-প্রাচীর দেখেই আমিও ওই বরাবর আরসিসি পিলারের কাজ করতে বলেছি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অবশ্য আমাকে নিষেধ করেছিলেন। যা হোক, কাজটা হয়ে গেছে আর কি। তবে ভবিষ্যতে রাস্তা চওড়া করা হলে প্রয়োজনে প্রাচীর ভেঙে দেওয়া হবে।’ ভবিষ্যতে দেয়াল ভাঙতে হলে সরকারি টাকা অপচয়ের দায়ভার কে নেবে—এমন প্রশ্নের জবাবে মো. মোসাব্বের হোসেন বলেন, ‘একটু ক্ষতি হয়ে গেল আর কি!’জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার শিকদার গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘গত মাসে লোক পাঠিয়ে রাস্তার ওপর পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরও কাজ হয়েছে বলে খবর পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’