সড়কের জায়গা উদ্ধারের নামে দোকান ও দেয়াল ভাঙচুর
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় সড়কের জায়গায় দোকান, মসজিদ ও ঘরের দেয়াল থাকার অজুহাতে তা ভেঙে দেওয়া হয়েছে। চাঁদা না পাওয়ায় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম তাঁর লোকজন নিয়ে এ ঘটনা ঘটান। গতকাল সোমবার ইউএনওর কাছে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, রাঙ্গুনিয়া কলেজ থেকে মরিয়মনগর ডিসি সড়ক পর্যন্ত ৫৫৩ মিটার দৈর্ঘ্য, আট মিটার প্রশস্ত সড়কটির মেরামতকাজ চলছে। কিন্তু সড়কের কিনারায় থাকার অজুহাতে দোকান, ঘর ও মসজিদের দেয়াল ভেঙে ফেলার হুমকি দেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। একপর্যায়ে মোটা অঙ্কের টাকায় তা রক্ষার শর্ত দেন। টাকা দিতে না পারায় গত রোববার ১৭-১৮ জন দুর্বৃত্ত নিয়ে দুটি দোকান, মসজিদ ও দুটি ঘরের পাকা দেয়াল ভেঙে ফেলে তিনি। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়। বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁদের মারধর করে। অভিযোগকারী ব্যক্তিদের মধ্যে ইসমাইল হোসেন জানান, ভেঙে ফেলা দোকান, মসজিদ ও ঘরের দেয়াল সড়কের জায়গায় নেই। সড়ক মেরামত করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কনস্ট্রাকশন। ওই প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ কতিপয় দুর্বৃত্তকে টাকা দিয়ে এ ঘটনা ঘটান। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, ২৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির মেরামতকাজ চলছে। তবে মানচিত্র অনুযায়ী সড়কটি নেই। অনেকের খতিয়ানভুক্ত জায়গায় রয়েছে সড়কটি। সড়কের উত্তর পাশে কোনো স্থাপনাও নেই। এ অবস্থায় দোকান ও দেয়াল ভাঙার দরকার নেই। দোকান ও দেয়াল ভাঙার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। ঠিকাদার নজরুল ইসলাম বলেন, ‘সড়কটি কয়েকটি স্থানে সাত ফুট বা সাড়ে সাত ফুট প্রশস্ত আছে। বাকি জায়গার বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সহযোগিতা চাইলেও আমি দোকান ও দেয়াল ভাঙার জন্য বলিনি।’ ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘দোকান ও দেয়াল ভাঙার কাজে আমি জড়িত নই। কে ভেঙেছে, সেটাও আমার জানা নেই।’ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।